অবসরে যাচ্ছেন না পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’ গত দেড় বছরের মধ্যেই কথাটা অনেকবার বলেছেন রিকি পন্টিং। আজ বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে আরও একবার সেই পুরোনো কথাটাই আওড়াতে হলো অস্ট্রেলিয়ান অধিনায়ককে। অ্যাশেজ সিরিজের পর থেকেই সমর্থক-মিডিয়ার লাগাতার সমালোচনার মুখে আছেন পন্টিং। বিশ্বকাপ শুরুর পরও বেশ কিছু বিতর্কে জড়িয়ে নতুন করে সেই সমালোচনার আগুন উসকে দিয়েছিলেন পন্টিং নিজেই। বিশ্বকাপের পর নতুন কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, এমন কথাও শোনা গিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে। এসব তথ্যের ভিত্তিতেই ডেইলি মেইল প্রতিবেদনটি করেছে যে অধিনায়কত্ব হারিয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না পন্টিং। বরং এখন ঘরোয়া ক্রিকেটেই বেশি মনোযোগ দিতে চান অস্ট্রেলিয়ার অন্যতম সফল এ অধিনায়ক। কিন্তু পন্টিং এ প্রতিবেদন পুরোটাই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আহমেদাবাদে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি কখনোই অবসরে যাওয়ার কথা চিন্তা করিনি। কোথায় আমার ক্যারিয়ার শেষ করব, তাও এখন পর্যন্ত ভাবিনি। আমি যত দিন সম্ভব খেলে যেতে চাই এবং দলকে নেতৃত্ব দিতে চাই। তার জন্য প্রয়োজনীয় যা কিছু করা দরকার, সেটা আমি করছি। কিছু কারণে আমার এ অবসর-সংক্রান্ত কথাবার্তা বারবার উঠছে। কিন্তু সব সময়ই সংবাদপত্রের সবকিছু বিশ্বাস করাটা বোধহয় ঠিক হবে না।’ ক্রিকইনফো।