অবসরে যাচ্ছেন পার্ক জি সুং !
দক্ষিণ কোরিয়া তো বটেই, গোটা এশিয়ান ফুটবলকেই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পার্ক জি-সুং। ইউরোপীয় ক্লাব ফুটবলে অসাধারণ পারফরমেন্স দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সবার। প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে খেলেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। জাতীয় দলের জার্সি গায়েও সমানভাবে সফল দক্ষিণ কোরিয়ার এই স্ট্রাইকার বিশ্বকাপ খেলেছেন তিনবার। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সেমিফাইনাল যাত্রাও রেখেছিলেন অসমান্য অবদান। ২০১১ সালে এসে ক্যারিয়ারের মধ্য গগনে অবস্থান করেই এবার তিনি বিদায় বলে দিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলকে, মাত্র ২৯ বছর বয়সেই। এশিয়ান কাপের সেমিফাইনালে জাপানের বিপক্ষের ম্যাচটি ছিল কোরিয়ার লাল জার্সি গায়ে পার্ক জি সুংয়ের শততম আন্তর্জাতিক ম্যাচ। আর এই ম্যাচটি খেলেই অবসরের বারতা জানিয়ে দিলেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণাটা অবশ্য বাকই রেখেছেন, তবে কাতার থেকে দেশে ফিরেই তিনি এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেই ঘোষণাটা দিয়ে দেবেন বলে জানা গেছে।একজন ফুটবলারের জন্য ২৯ বছর বয়সটা তেমন কিছুই নয়। এ বয়সে অনেক খেলোয়াড়ই নিজের সেরাটা উপহার দেন দর্শক ভক্তদের। তবে কি পার্ক জি সুংয়ের অবসর সিদ্ধান্তের পেছনে কোনো অভিমান বা হতাশা কাজ করছে? ব্যাপারটা তা নয়। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘কোনো অভিমান নয়, হতাশাবোধ থেকেও নয়। নতুন প্রতিভাদের দলে জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ায় অনেক তরুণ ফুটবলার আছে। তাঁরা খুবই দক্ষ ও মেধাবী। তাদের কৌশলও অসাধারণ। তাদের এখন শুধু কিছু অভিজ্ঞতা দরকার। আর সেদিক থেকে এই এশিয়ান কাপটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় এদের কেউ কেউ ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও অংশ নিতে পারে। আর তাহলে তারা আরো অনেক ভালো খেলতে পারবে।’ আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে বিদায় নিলেও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এখনো খেলে যেতে চান পার্ক। ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এখন আমার ক্লাবের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’ টাইমস নিউজ নেটওয়ার্ক