অবসরে যাচ্ছেন পুয়োল
সোনালি চুল দুলিয়ে স্পেন ফুটবলের ত্রাণকর্তা হিসেবে আর দেখা যাবে না কার্লোস পুয়োলকে। দেশকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়ে জাতীয় দল থেকে অবসরে যাচ্ছেন তিনি। লা লিগায় বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। দেশের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ। গত নভেম্বর মাসেই তিনি জানিয়েছিলেন, স্পেনকে বিশ্বকাপ এনে দিতে পারলে তৃপ্তি নিয়ে আনন্দের সঙ্গেই জাতীয় দল থেকে অবসর নেবেন তিনি। হল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালটি ছিল ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারের স্পেনের লাল জার্সি গায়ে খেলা ৯০তম আন্তর্জাতিক ম্যাচ।প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী হওয়ার পর পুরো স্পেন এখন আনন্দে ভাসছে। সেমিফাইনালে শক্তিশালী জার্মানির বিপক্ষে দুর্দান্ত হেডে গোল করে দলকে ফাইনালে নিয়ে যান পুয়োল। স্পেনের বিশ্বকাপ জয়ের অনন্য অবদানের কারণে স্বভাবতই তাঁর ওপর স্প্যানিশ মিডিয়ার ‘স্পটলাইট’টা পড়ছে যথেষ্টই। ক্রীড়া দৈনিক মারকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা-সেকথার সঙ্গে গত নভেম্বর মাসে করা উক্তিরই পুনরাবৃত্তি করলেন তিনি। বলেছেন, ‘স্পেনের হয়ে তো অনেক খেললাম। দেশ বিশ্বকাপ জিতেছে। আমার মনে হয়, জাতীয় দল থেকে সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়।’পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তো বলেছেনই, আনুষ্ঠানিকভাবেও নাকি তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন জাতীয় দল থেকে অবসরের কথাটি। আগামী ১১ আগস্ট মেক্সিকোর বিপক্ষে যে প্রীতি ম্যাচে স্পেন খেলতে যাচ্ছে, সেখানে তাঁকে না রাখার জন্য তিনি কোচ ভিসেন্তে দেল বস্ককেও জানিয়ে দিয়েছেন। তবে ভিসেন্তে দেল বস্ক চান না, পুয়োল এখনই অবসের যাক। তিনি বলেছেন, ‘পুয়োল স্পেনের হয়ে ৯০টি ম্যাচ খেলেছে। আমি চাই, সে দেশের হয়ে শততম ম্যাচটি খেলে অবসরের কথা ভাবুক। ১০০ সংখ্যাটি আসতে এখনো ১০টি ম্যাচ বাকি।’জাতীয় দল থেকে অবসরের কথা ভাবলেও আরও কয়েক বছর বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে খেলে যেতে চান তিনি। গোল ডট কম