অবসরে লিসা স্টালেকার
অবসর নিয়ে ফেললেন মেয়েদের ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার লিসা স্টালেকার। ভারতে জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান দেশকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর পরপরই ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার। পরশু ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা পুনরুদ্ধারে ভূমিকা আছে তাঁর অফ স্পিনেরও। ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন, চমৎকার এক ক্যাচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ইতিও টেনেছেন স্টালেকার।জন্ম ভারতের পুনেতে, ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর এক যুগের ক্যারিয়ারে স্টালেকার খেলেছেন আটটি টেস্ট, ১২৫ ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি। ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রান ও ১০০ উইকেটে নেওয়া একমাত্র নারী ক্রিকেটার স্টালেকার। র্যাঙ্কিংও বলছে ওয়ানডে বিশ্বসেরা অলরাউন্ডার এই অস্ট্রেলিয়ান। টি-টোয়েন্টির সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক নম্বর এই অলরাউন্ডার ওয়ানডেতে ছিলেন দুই নম্বরে। ৩৩ বছর বয়সী স্টালেকারের অবসর নেওয়ার পেছনে জন্মভূমিতে বিশ্বকাপ জয়েরও একটা ভূমিকা আছে, ‘যে দেশে জন্মেছি সেই দেশে সফল একটি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করাটা অবশ্যই বিশেষ কিছু। আমার মনে হয়েছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’ ওয়েবসাইট।