অবসরে সামারাবীরা
জায়গা পাননি বাংলাদেশের বিপক্ষে টেস্টের দলে। অভিমানে তাই অবসরই নিয়ে ফেললেন থিলান সামারাবীরা। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। এক দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হয়ে থাকা এই মিডল-অর্ডার ব্যাটসম্যান কাল সংবাদমাধ্যমকে অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে নিজের ক্ষোভের কথা জানান, ‘বাংলাদেশের বিপক্ষে দলে না থাকায় আমি স্তম্ভিত হয়েছি।’বাংলাদেশের বিপক্ষে দলে না নিলেও নির্বাচকেরা ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে জানিয়েছিল যে বছরের শেষে পাকিস্তানের বিপক্ষে তাঁকে দরকার হতে পারে। সেই সিরিজের বাকি এখনো নয় মাস, এত দিন অপেক্ষা করতে রাজি নন ২০০৯ সালে লাহোরে জঙ্গি হামলায় আহত হওয়া সামারাবীরা, ‘নয় মাস অপেক্ষার কোনো যুক্তি নেই। তরুণ খেলোয়াড়দের নিয়ে নির্বাচকদের দল সাজানোর সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। তবে আমার মনে হয়েছে অবসর নেওয়ার এটাই সময়।’ এএফপি।শ্রীলঙ্কার হয়ে ৮১ টেস্টে ৪৮.৭৯ গড়ে ৫৪৬২ রান করেছেন সামারাবীরা। করেছেন ১৪টি সেঞ্চুরি। খেলেছেন ৫৩টি ওয়ানডেও।