অবসরে ‘অযোগ্য’ ইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে এসেছিলেন বেইজিংয়ের সোনা ধরে রাখতে। সেই স্বপ্ন পূরণ তো হয়ইনি, উল্টো প্রতারণার দায়ে লজ্জা জুটেছে কপালে। ডিসকোয়ালিফাইড হতে হয়েছে চাতুরীর আশ্রয় নেওয়ায়। হতাশা আর অভিমানে ব্যাডমিন্টনই ছেড়ে দিলেন ইউ ইয়াং। মেয়েদের দ্বৈতে বিশ্বের এক নম্বর তারকা অবসরের ঘোষণা দিয়েছেন মাইক্রোব্লগিং ওয়েবসাইটে। ইউ ও তাঁর সঙ্গী ওয়াং জিয়াওলিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন চীনা কর্মকর্তারা। কোয়ার্টার ফাইনালে পছন্দের প্রতিযোগী পাওয়ার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইচ্ছা করেই হারার অপচেষ্টার দায়ে এই চীনা জুটিসহ আর তিন জুটিকে বুধবার ডিসকোয়ালিফাইড করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লুএফ)। পাশাপাশি আলাদা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল চীনা কর্তৃপক্ষ। কাল ব্যাডমিন্টনের দলনেতা ও দুই খেলোয়াড়কে ক্ষমা চাইতে বলা হয় জাতির কাছে। এর পরপরই মাইক্রোব্লগে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ইউ, ‘এটাই ছিল আমার শেষ প্রতিযোগিতা। বিদায় ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, বিদায় আমার প্রিয় ব্যাডমিন্টন।’তবে নিজেদের কোনো দোষ এখনো খুঁজে পাচ্ছেন না ইউ। ইচ্ছা করেই হারার চেষ্টার অভিযোগের পর বলেছিলেন, ‘কোয়ার্টারের আগে শক্তি সঞ্চয় করে রাখতেই জয়ের পুরো চেষ্টা করেননি।’ ২৬ বছর বয়সী তারকা কালও অভিমানভরে জানালেন, তাঁরা কেবল নিয়মের ফাঁকের সুবিধা নিতে চাইছিলেন। স্বপ্নভঙ্গের দায়ে পাল্টা কাঠগড়ায় দাঁড় করালেন বিডব্লুএফকে, ‘ম্যাচ ছেড়ে দিয়ে আমরা বর্তমান নিয়মের সুবিধাটাই নিতে চেয়েছিলাম। পুরোটা ঢেলে দিতে চাইনি নকআউট পর্বে আরও তরতাজা থাকার জন্যই। এবারই অলিম্পিকের নিয়ম পরিবর্তন করা হয়েছে। তারা কি বুঝতে পারছে না এতে আখেরে অ্যাথলেটদের ক্ষতিই হচ্ছে? তোমরা আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছ। এটা ক্ষমার অযোগ্য।’ক্ষমা চেয়েছেন চীনের কোচ লি ইয়ংবোও, ‘নিয়ম যেমনই হোক, একে অজুহাত হিসেবে দাঁড় করানো ঠিক নয়। মূল কথা হলো, আমরা পেশাদারি আচরণ করিনি এবং সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে নিইনি। আমাদের আচরণ অলিম্পিকের মূল চেতনার সঙ্গে যায়নি। সেদিক থেকে প্রধান কোচ হিসেবে আমি সমর্থক ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’এদিকে নতুন ফরম্যাট পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে বিডব্লুএফ। রয়টার্স।