অবসরের কথা ভাবছেন ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালেই ইনজুরির কবলে পড়ে টেনিস কোর্টকে বিদায় জানিয়েছিলেন সাবেক ১ নম্বর টেনিস তারকা কিম ক্লাইস্টার্স। ২০০৯ সালে অবসর ভেঙে আবারও ফেরেন পেশাদার টেনিস জগতে। ফিরে এসেই অল্প কিছুদিনের মধ্যেই জায়গা করে নেন শীর্ষ পর্যায়ের তারকাদের মধ্যে। অবাছাই হিসেবে ইউএস ওপেনে অংশ নিয়ে সবাইকে অবাক করে দিয়ে জিতে নেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্রান্ড স্লাম। গত বছরও টানা দ্বিতীয়বারের মতো তাঁর হাতে ওঠে ইউএস ওপেনের শিরোপা। আর চলতি বছরেও অব্যাহত আছে ক্লাইস্টার্সের জয়যাত্রা। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন মৌসুমের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। তবে টেনিসপ্রেমীদের জন্য কিছুটা দুঃসংবাদই বলতে হবে যে আবারও অবসরের কথা ভাবছেন ২৭ বছর বয়সী বেলজিয়ামের এই টেনিস তারকা। এ বছরের পর থেকে হয়তো তাঁকে আর নিয়মিত দেখা যাবে না টেনিস কোর্টে।এ বছরই শেষবারের মতো টেনিস ট্যুরের সব প্রতিযোগিতায় অংশ নেবেন ক্লাইস্টার্স। আজ শুক্রবার তাঁর এই ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয়, টেনিস ট্যুরে আমার পূর্ণাঙ্গ একটা মৌসুম আমি কাটাতে পারব শুধু এ বছরটাই। তারপর দেখা যাবে।’ ২০০৭ সালে অবসরে যাওয়ার পেছনে ইনজুরির সঙ্গে আরেকটি বড় কারণ ছিল তাঁর সদ্যজাত কন্যা জাডা। এখনো কোনো শিরোপা জেতার পর ক্লাইস্টার্সের হাতে ট্রফির পাশাপাশি দেখা যায় তাঁর কন্যাটিকেও। আর এ মুহূর্তে টেনিসের থেকে জাডাকেই বেশি অগ্রাধিকার দিতে চান তিনি।গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রাশিয়ান তারকা ভেরা জভোনারেভাকে হারিয়ে টেনিস র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানটা নিশ্চিত করেছেন ক্লাইস্টার্স। ১ নম্বর স্থানটাও একেবারে ধরাছোঁয়ার বাইরে না। কাজেই এখন নিশ্চয়ই ১ নম্বর তারকা হিসেবেই অবসরে যাওয়ার কথা ভাববেন তিনি। রয়টার্স।