অবসরের কথা ভাবছেনই না পন্টিং
অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক হিসেবে নির্দ্বিধায় বলে দেওয়া যায় রিকি পন্টিংয়ের নাম। ২০০৩ সাল থেকে টানা দুবার অসিদের বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি। বিশ্বকাপে টানা ২২ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দুর্লভ কৃতিত্বও রয়েছে তাঁর। ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়াকে এত দিন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। এত কিছুর পরেও পন্টিংয়ের অনন্য গৌরব গাঁথা যেন ক্রমশই ফিকে হয়ে আসছে। মাত্র কয়েক বছরের ব্যবধানেই অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়কের সমালোচনায় সোচ্চার হয়ে উঠেছে অস্ট্রেলীয় সমর্থকেরা। ইংল্যান্ডের সঙ্গে চলমান অ্যাশেজ সিরিজেও এক ভয়াবহ লজ্জাজনক রেকর্ডের মুখোমুখি রিকি পন্টিং। এবারের অ্যাশেজ সিরিজ হারলে তিনি হবেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে ১২০ বছরের মধ্যে তিনটা অ্যাশেজ হারা একমাত্র অধিনায়ক।পন্টিংয়ের দিন শেষ, তাঁর এখন অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত, এমনকি তাঁর অবসরে যাওয়া উচিত— এমন দাবিও ইদানীং বেশ জোরেশোরেই উঠে গেছে। কিন্তু এত কিছুর পরেও অবসরের কথা একদমই ভাবছেন না ৩৬ বছর বয়সী পন্টিং। অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যত্টা তিনি অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের হাতেই ছেড়ে দিয়েছেন। কিন্তু খেলোয়াড় হিসেবে আরও কিছুদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে চান টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারী এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার এক পত্রিকায় লেখা কলামে তিনি জানিয়েছেন, ‘আমি অবসর গ্রহণের কথা একমুহূর্তের জন্যও ভাবিনি। অধিনায়ক হিসেবে আমার ভবিষ্যত্ নির্ধারণের সিদ্ধান্তটা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের হাতে। কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে এখনো অনেক রান করতে পারব বলে আমি বিশ্বাস করি। আর দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আমি চাই অন্যরা যেন আমার উপরে ভরসা করতে পারে।’অধিনায়ক হিসেবে অন্য যেকোনো সময়ের চেয়ে এখনই যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সেটা পন্টিং নিজেই স্বীকার করেছেন। চলমান অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডই এখন পর্যন্ত আধিপত্য করেছে বলেও মেনে নিয়েছেন তিনি। তবে সামনের তিনটি টেস্টে ভালো খেলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী পন্টিং। অস্ট্রেলিয়ার অন্যতম সফল এ অধিনায়ক নিশ্চয়ই চাইবেন না শেষমুহূর্তে শুধু ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে ক্রিকেট অঙ্গন ছেড়ে যেতে! রয়টার্স।