অবসরের কথা ভেবেছিলেন রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড চোটপ্রবণ ফুটবলজীবন আরিয়েন রোবেনের। ২৮ বছর বয়সী এই ডাচ ফুটবলার তাঁর এই ফুটবলজীবনে একাধিকবার গুরুতর চোটের মুখে পড়েছেন। চোটের সঙ্গে লড়াই করতে করতে কখনো কখনো ধৈর্য্যও হারিয়েছেন। রোবেন সম্প্রতি স্বীকার করেছেন, চোটের সঙ্গে লড়তে গিয়ে বিরক্ত হয়ে একাধিকবার তিনি গুরুত্বের সঙ্গে অবসরের কথা ভেবেছেন।‘মাঝেমধ্যে আমি খুবই হতাশ হয়ে পড়তাম। এত চোট, এত কষ্ট! সত্যি বলতে, এমন অনেক সময় এসেছে, যখন আমি বুটজোড়া তুলে রাখার কথা গুরুত্বের সঙ্গে ভেবেছি।’ একটি সাময়িকীর সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন রোবেন।হল্যান্ড জাতীয় দলের কোচ লুইস ফন গাল সম্প্রতি আরিয়েন রোবেনকে ডাচ দলের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি তাঁর চোটপ্রবণতার কথা উল্লেখ করে বলেছেন, জাতীয় দলে খেলতে হলে রোবেনকে ধরে রাখতে হবে ফিটনেস।রোবেন ডাচ কোচকে এ জন্য জানিয়েছেন কৃতজ্ঞতা। কোচের এই উক্তিকে নিজের জন্য এক প্রেরণা হিসেবেও দেখতে চান তিনি।‘এটা সত্যিই আমার জন্য এক প্রেরণা।’ রোবেনের মন্তব্য। তিনি আরও বলেন, ‘এ ধরনের কথা আমার জন্য সত্যিই উত্সাহব্যঞ্জক। বিশেষ করে, যখন আমি একটি কঠিন সময় পার করছি।’এই মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ছয়টি ম্যাচে মাঠে নেমে এখনো প্রতিপক্ষের জাল খুঁজে পাননি আরিয়েন রোবেন। এই মুহূর্তে ডাচ কোচের প্রশংসাসূচক উক্তি তাঁকে সত্যিই অনুপ্রেরণা জোগাতে পারে কি না, দেখার বিষয় এটিই। গোল ডটকম।