অবসরের খবর উড়িয়ে দিলেন সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় এক টেলিভিশন চ্যানেল দিয়েছিল খবরটা—সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। এরপর বিভিন্ন ক্রিকেট ওয়েবসাইটেও চাউর হয়ে যায় খবরটা। কিন্তু খবরের সত্যতা উড়িয়ে দিয়ে ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছেন—তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাহলে তাঁর বক্তব্যটা কী? ‘২০০৮ সালে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। যদি আইপিএলে খেলার সুযোগ না পাই, তাহলে কোনো ধরনের ঘরোয়া ক্রিকেটেই খেলব না। কিন্তু যদি আইপিএলে খেলার সুযোগ হয়, তাহলে নিজের ফিটনেস ধরে রাখার জন্য ঘরোয়া ক্রিকেটেও খেলব আমি।’—সৌরভের উত্তর।গত তিনটি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সৌরভ। কিন্তু এবার শাহরুখ খানের দল কোনো আগ্রহই দেখায়নি তাঁর ব্যাপারে। আইপিএলের খেলোয়াড় নিলামে অবিক্রীত সৌরভের জন্য পরে আগ্রহ দেখায় কোচি। বিশেষ সুবিধায় ভারতের সাবেক অধিনায়ককে নিতে চেয়েছিল তারা। কিন্তু অন্য দলগুলোর আপত্তির মুখে বিসিসিআই নাকচ করে দেয় কোচির আবেদন। তবে এখনো যে আইপিএলে খেলার আশায় আছেন, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুজব খণ্ডন করতে গিয়ে তা পরিষ্কার করলেন সৌরভ। ওয়েবসাইট।