অবসরের ঘোষণা দিলেন ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন স্যার আলেক্স ফার্গুসন নিজেই। ঘোষণা করলেন অবসরের কথা। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং সেন্টারে খেলোয়াড় ও কর্মকর্তাদের জানিয়ে দিলেন, এই মৌসুম শেষে তিনি আর ‘রেড ডেভিলস’দের কোচ থাকছেন না। ফার্গুসনের এই ঘোষণার মধ্য দিয়ে অবসান হলো ২৬ বছরের এক বর্ণাঢ্য অধ্যায়ের। বুধবার ফার্গুসন প্রথমে কথা বলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে। এরপর ক্যারিংটন ট্রেনিং সেন্টারে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর অবসরের কথা ঘোষণা করেন।ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আলেক্স ফার্গুসনের বিদায়ের ঘোষণা। তিনি বলেছেন, ‘অবসরের সিদ্ধান্তটি হচ্ছে এমন একটি সিদ্ধান্ত, যেটা নিয়ে আমি গভীরভাবে ভেবেছি। অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এটাই বিদায় নেওয়ার সঠিক সময়।’ফার্গুসন আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপারটি ছিল, অবসরের সময় যেন আমি আমার কর্মক্ষেত্রকে কিছু দিয়ে যেতে পারি। আমার মনে হয়, আমি এতে সফল হয়েছি। ম্যানচেস্টার ইউনাইটেড এখন বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব।’ফার্গুসন বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড দলের মান ও দলটির খেলোয়াড়দের বয়সের ভারসাম্য ভবিষ্যতে তাদের সাফল্যের ব্যাপারটি নিশ্চিত করেছে। এই ক্লাবের যুবদলও ভবিষ্যতে একটি শক্তিশালী দলের ভিত্তি মজবুত করেছে।ফার্গুসনের মতে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রশিক্ষণ সুযোগ সুবিধা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। ওল্ড ট্র্যাফোর্ড মাঠটিও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ভেন্যু। স্যার আলেক্স ফার্গুসন ১৯৮৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ২৬ বছরে মোট এক হাজার ৪৯৮টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন। ইউনাইটেডকে ১৩ বার ইংলিশ প্রিমিয়ার শিরোপা ও পাঁচবার এফএ কাপ জিতিয়েছেন। দলকে ইউরোপ-সেরা বানিয়েছেন দুবার। ব্রিটিশ ফুটবল ইতিহাসেই স্যার আলেক্স ফার্গুসন অবিসংবাদিত সেরা হিসেবে স্বীকৃত। ১৯ মে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ব্রমউইচ অ্যালবিওনের। ওই দিনই ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে তাঁর শেষ দিনটি কাটাবেন ফার্গুসন। রয়টার্স।