অবসরের চিন্তাই নেই ফার্গুসনের মনে
১, ২, ৩...এভাবে সংখ্যা গুনে কুলিয়ে ওঠা ভার। নয় বছর আগে একবার অবসরে যাওয়ার ভাবনার কথা বলেছিলেন, এর পর কতবার যে উঠেছে কথাটা! প্রতিবারই ফার্গুসন উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। মৃদু হেসে বলেছেন, এখনই নয়। ম্যানইউয়ের কোচ হিসেবে সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ড গড়ার পরও একই কথা বললেন ফার্গুসন।বরং এমন ভাবনা মনে আসাটাকেই ভুল মনে করছেন, ‘সেই সময়ে অবসরের যে ভাবনাটা ভেবেছিলাম, সেটা একটা ভুল ছিল। ওই সময়ে অবশ্য এর কিছু কারণও ছিল।’ নয় বছর আগে কোচিং ক্যারিয়ারে যতি এঁকে দেওয়ার কী কারণ ঘটেছিল ফার্গুসনের? অনেক কারণের একটি ছিল শারীরিক। তবে এখন শারীরিক ও মানসিকভাবে ফার্গুসন পুরো ফিট, অবসরের চিন্তাও তাই নেই, ‘যত বয়স বাড়বে, ততই অবসরের চিন্তাও বাড়বে। তবে স্বাস্থ্য ভালো থাকলে এবং ফিটনেস থাকলে কাজ চালিয়ে যাওয়াই উচিত। আমার মনে অবসরের কোনো চিন্তাই এখন নেই।’তা হয়তো নেই। তবে কত দিন পারবেন ফার্গুসন? আর কদিন পরই (৩১ ডিসেম্বর) বয়স ৬৯ পূর্ণ হবে। অর্জনের খাতায়ও তো কম জমেনি। তার পরও ফার্গুসন এখনো যেন তারুণ্যের প্রতিচ্ছবি। যে কাজটা সবচেয়ে বেশি ভালো বাসেন, সেটি এখনো আগের মতোই উপভোগ করলে সরে যাওয়ার কথা কেনই বা ভাববেন? এএফপি, ওয়েবসাইট।