অবসরের ভাবনাই নেই পিরলোর

ক্লাবের সঙ্গে কিছুদিন আগে নবায়ন করা চুক্তির মেয়াদ শেষ হবে আরও বছর দুয়েক পর। তত দিনে ৩৬ ছাড়িয়ে যাবেন আন্দ্রেয়া পিরলো। অবসরের চিন্তা কি উঁকিঝুঁকি মারছে মনের মধ্যে? জুভেন্টাসের ইতালিয়ান মিডফিল্ডারের কাছে প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। তাঁর চিন্তাভাবনায় যে আপাতত ‘অবসর’ বলে কোনো শব্দই নেই! সুতরাং চুক্তির মেয়াদ শেষ হলেই যে তিনি ফুটবল ছাড়বেন, এমন নয়। ছাড়বেন তখনই, যখন শরীর আর মন যখন আর সায় দেবে না।
গত কয়েক বছরে ইতালিয়ান মিডফিল্ডারের যা ফর্ম, তাতে তাঁর এমন ভাবনায় সবচেয়ে খুশি সম্ভবত ক্লাব জুভেন্টাস। গত দুই বছরই তিনি ইতালিয়ান লিগের সেরা ফুটবলার হয়েছেন। ক্লাব, জাতীয় দল দুই জায়গাতেই তিনি যেন দলের প্রাণভোমরা। গত ইউরোটা দুর্দান্ত কাটিয়েছেন। দুয়ারে আরও একটা বিশ্বকাপ, সেটার যাবতীয় রণপরিকল্পনায় তিনিই কোচ সিজারে প্রানদেল্লির প্রধান সেনাপতি। তাঁর একটা ফ্রি-কিকে এখনো বদলে যায় জুভেন্টাসের ভাগ্য। বয়স বাড়ছে আর সেই সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে তাঁর খেলার ধারও। দুর্দান্ত সময় যাচ্ছে বলেই পিরলো নিজেও মাথায় আনছেন না অবসরের চিন্তাটা, ‘অবসর নিয়ে আমি একবিন্দুও ভাবিনি। যত দিন এই সাফল্যের তাড়না আর শক্তি আছে তত দিন ভাবতেও চাই না।’ তাহলে পিরলোর এখনকার ভাবনা কী নিয়ে? ইতালিয়ান ফুটবলের ‘দি আর্কিটেক্ট’-এর জবাব, ‘লিগ শিরোপা তো অবশ্যই। ইউরোপা লিগেও আমরা যত দূর সম্ভব যেতে চাই। তুরিনোর ফাইনাল পর্যন্ত হলে তো ভালোই হয়।’
লিগ শিরোপা প্রায় হাতের নাগালে। তবে ইউরোপা লিগের সেমিফাইনালে জুভেন্টাসের সামনে বাধা হয়ে আছে বেনফিকা। সেটা পেরোতে পারলেই কেবল নিজের মাঠে ফাইনালে দর্শক হয়ে থাকতে হবে না জুভেন্টাসকে। পারবেন কি পিরলোরা? ওয়েবসাইট।