অবসরের সিদ্ধান্তটা নিজেই নেবেন টেন্ডুলকার
দীর্ঘ প্রতীক্ষার পর সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে শততম সেঞ্চুরিটির দেখা পেয়েছেন শচীন টেন্ডুলকার। অনন্য এই কীর্তির পর লিটল মাস্টার এবার অবসরের ঘোষণা দেবেন—এমনটাই ধারণা করেছিল অনেকে। শততম সেঞ্চুরি উদযাপনের লক্ষ্যে গতকাল মুম্বাইয়ে আয়োজন করা হয়েছিল শচীনের সংবাদ সম্মেলন। সেখানেই বীরের বেশে ক্রিকেটকে বিদায় বলবেন—এমন আশাও ছিল অনেক সাংবাদিকের। কিন্তু যাঁরা শচীনের অবসরের আশায় দিন গুনছেন, তাঁদের আরও একবার হতাশ করেছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি। কারও কথায় নয়, ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা সময় হলে তিনি নিজেই নেবেন, এটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন ৩৯ বছর বয়সী টেন্ডুলকার।গতকাল সংবাদ সম্মেলনে শচীন বলেছেন, ‘আমি যখন খেলা শুরু করেছিলাম, তখন তা নিজের সিদ্ধান্তেই শুরু করেছিলাম। অবসরে যাওয়ার সিদ্ধান্তটাও একান্তই আমার। যাঁরা এখন আমাকে অবসরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, তাঁরা আমাকে দলে নিয়ে আসেননি। আমি এই পর্যন্ত এসেছি আমার কোচ ও পরিবারের অনুপ্রেরণায়।’শচীন টেন্ডুলকারের সমসাময়িক বেশির ভাগ ক্রিকেটারই ক্রিকেটকে এরই মধ্যে বিদায় বলে দিয়েছেন। কয়েক দিন আগে রাহুল দ্রাবিড়ও অবসর নিয়েছেন। এরপর অনেকেই শচীনেরও অবসরে যাওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছিলেন। তাঁদের উদ্দেশে শচীন বলেছেন, ‘অনেকেরই অনেক রকম মতামত থাকতে পারে। কিন্তু তার সবই যে ঠিক হতে হবে, এমনও কোনো কথা নেই।’