অবহেলিত অ্যাথলেটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে ঘণ্টা দুয়েক বাকি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকছেন মার্চ পাস্টে অংশ নেওয়া হাজারো অ্যাথলেট। সবার পরনে নিজেদের জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সেবা দলের ট্র্যাকস্যুট। ব্যতিক্রম শুধু নাটোর জেলা সাঁতার দল। সাধারণ পোশাকেই চলে এসেছেন সাঁতারু হারুনুর রশীদ, রাইম রহমান, মুসলিমা খাতুনরা।অষ্টম বাংলাদেশ গেমসে নাটোর জেলা থেকে অংশ নিচ্ছেন ৩১ জন সাঁতারু। কিন্তু বিওএ থেকে তাঁদের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ১১ সেট পোশাক। প্রতিবাদে কেউই তাই গেমসের কোনো পোশাক পরেননি। মার্চ পাস্টে অংশ নিতে হবে বলেই শুধু দলের ম্যানেজার ফরহাদ হোসেন পরেছেন জেলা ক্রীড়া সংস্থার ট্র্যাকস্যুট ও ট্রাউজার। যাঁদের জন্য গেমস, সেই খেলোয়াড়েরাই বঞ্চিত হচ্ছেন গেমসে। সাঁতারুরা থাকছেন মিরপুর সুইমিং কমপ্লেক্সের ‘গণরুমে’। বাটারফ্লাই ইভেন্টে অংশ নেওয়া হারুনুর রশীদ ক্ষোভের সঙ্গে বললেন, ‘আমাদের ৩১ জনকে এক রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এই গরমে এভাবে থাকা খুবই কষ্টকর।’ এরই মধ্যে কয়েকজনের সাঁতার পোশাক, থাইপ্যাডসহ অনেক সরঞ্জাম চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঢাকা জেলার হয়ে বক্সিংয়ে অংশ নিচ্ছেন টিপু সুলতান, জাকির হোসেন, মোহাম্মদ আল আমিনরা। এখন পর্যন্ত কোনো ট্র্যাকস্যুট পাননি কেউ। কোনো হোটেলও বরাদ্দ করা হয়নি তাঁদের জন্য। যাঁর যাঁর বাড়ি থেকে এসেই গেমসের মার্চ পাস্টে অংশ নিচ্ছেন। নিজেদের বাড়ি থেকে এসেই খেলবেন তাঁরা।বিজেএমসির অ্যাথলেটিকস ও সাইক্লিং দল থাকছে ডেমরায় নিজেদের ক্যাম্পে। কিন্তু ডেমরা থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে গেমসে অংশ নিতে খুব কষ্ট হয়ে যাবে তাঁদের। সাইক্লিস্ট ইয়াসিন হোসেন ক্ষোভের সুরে বললেন, ‘আমরা আজ যাত্রাবাড়ীতে যানজটে আটকে ছিলাম ঘণ্টা খানেক। এভাবে প্রতিদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসতে হলে পারফর্ম করব কীভাবে?’এবার ঢাকার বাইরের অ্যাথলেটদেরই কষ্ট হচ্ছে বেশি। স্টেডিয়াম ও এর আশপাশের অনেক নিম্নমানের হোটেলে কোনোরকম মাথা গুঁজে থাকছেন তাঁরা। তাঁদের খোঁজখবরও কেউ নিচ্ছেন না। হকি দল এসে উঠেছে স্টেডিয়ামের নিচের ড্রেসিংরুমে। সেখানেও গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেককে। দুই ম্যাচ হেরে এরই মধ্যে গেমস থেকে বিদায় নিয়েছে পটুয়াখালী হকি দল। দলের পক্ষে আরিফ হোসেন জানান, ‘আমরা নিজেদের খরচে এসেছি। দল হেরেছে, তবুও মার্চ পাস্টে অংশ নিয়ে আনন্দ করছি। কাল লঞ্চে করে সবাই বাড়ি ফিরব।’এত সব অব্যবস্থাপনার ভিড়ে গেমসের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন শুধু আনসারের খেলোয়াড়েরা। বক্সিংয়ের ফারজানা জোহরা তাঁদের আবাসন নিয়ে বেশ সন্তুষ্ট, ‘আমরা খিলগাঁওয়ে আনসারের সদর দপ্তরে আছি। আমাদের থাকা-খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না।’