অবা না বোল্ট?

আগামী মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের অনুশীলনের দিকেও কড়া নজর রাখতে হবে। বলা তো যায় না, অনানুষ্ঠানিকভাবে হলেও বিশ্বের দ্রুততম স্প্রিন্টারের নামটা বদলে যায় কি না! সংশয়টা জাগছে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের কারণে। ডর্টমুন্ড স্ট্রাইকার যে স্প্রিন্টে প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছেন সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্টকে! এমনিতে সময়ের দ্রুততম ফুটবলারদের একজন ‘অবা’। ২০১৩ সালে একবার ৩০ মিটার দৌড়েছিলেন মাত্র ৩.৭ সেকেন্ডে। ৩০ মিটারের হিসেবে বিবেচনা করলে যা বার্লিনে উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড গড়া সময়ের (৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার) চেয়েও সেকেন্ডের শতভাগের ৮ ভাগ কম। নয়টি অলিম্পিক সোনাজয়ী জ্যামাইকান অবশ্য ‘প্রতিদ্বন্দ্বী’কে নিজের ভঙ্গিতেই স্বাগত জানাচ্ছেন, ‘ও জানে আমিই জিতব।’ অপেক্ষা এখন আগামী বছর আগস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার। তারপরই ডর্টমুন্ডের অনুশীলনে যোগ দেবেন বোল্ট। সিএনএন।