অবাক এক ফাইনাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝখানে বিশ্বকাপের ট্রফি রেখে হাসছেন দুই অধিনায়ক। তবে সেটি গতকালের অফিশিয়াল ফটোসেশনে। মেলবোর্নের ফাইনাল শেষে আজ এই হাসিটা ধরে রাখবেন একজনই—হয় ক্লার্ক, নয় ম্যাককালাম l শামসুল হক
মাঝখানে বিশ্বকাপের ট্রফি রেখে হাসছেন দুই অধিনায়ক। তবে সেটি গতকালের অফিশিয়াল ফটোসেশনে। মেলবোর্নের ফাইনাল শেষে আজ এই হাসিটা ধরে রাখবেন একজনই—হয় ক্লার্ক, নয় ম্যাককালাম l শামসুল হক

‘যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি, কাল আমরা ওদের হারাব।’
‘যদি আমরা ভালো খেলি, আমাদের হারানোটা কঠিন।’
দ্বিতীয় কথাটাকে মনে হচ্ছে প্রথম কথার জবাব। অথচ আগের কথাটা পরে লেখা হয়েছে, পরের কথাটা আগে। ব্রেন্ডন ম্যাককালাম সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার ঘণ্টা খানেক পর মঞ্চে মাইকেল ক্লার্কের আবির্ভাব। দুজনের অনেক কথার ভিড়ে এ দুটিকে আলাদা করে নিলে মুখোমুখি বিতর্কের একটা আমেজ পাওয়া যায় ভেবেই এভাবে তা তুলে দেওয়া।
তা দুই দলই যদি ভালো খেলে, মানে নিজেদের সেরাটা খেলে? তা হলে কী হতে পারে, তার একটা আভাস দিয়ে রেখেছে গ্রুপ পর্বে অকল্যান্ডের ম্যাচটি। যেটিতে নিউজিল্যান্ড জিতেছে। তবে এমনই সুতার ব্যবধানে যে সামান্য একটু এদিক-ওদিক হলেই জিততে পারত অস্ট্রেলিয়াও! আজ বিশ্বকাপ ফাইনালও কি তা হলে এমনই সুতার ওপর ঝুলছে?
ভালো খেলার কথা বললে অবশ্য শুধু দুই দলের বোলাররাই ভালো খেলেছেন। আরও সুনির্দিষ্ট করে বললে ওই তো আসলে ট্রেন্ট বোল্ট বনাম মিচেল স্টার্ক! কাকতালীয় বলতে পারেন বা বিস্ময়করও, ২৯ দিন পর বিশ্বকাপ ফাইনালেও সবচেয়ে প্রতীকী হয়ে উঠছে এই দুই বাঁহাতি ফাস্ট বোলারের লড়াই। বোল্টের ২১ উইকেট, স্টার্কের ২০। এমন হওয়া তো খুবই সম্ভব যে, বিশ্বকাপের সফলতম বোলার হওয়ার লড়াইয়ের ফলই ম্যাচের ভাগ্য লিখে দিল!
সংবাদ সম্মেলনের ফাঁকে দুই অধিনায়ক এমসিজিতে বিশ্বকাপ ট্রফি হাতে ছবি তুললেন। যাঁদের মুখের হাসি দেখে বোঝারই উপায় নেই, পরদিন এই ট্রফিটার জন্যই দুজনের মরণপণ যুদ্ধ! বিশ্বকাপ ফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থাকতে একে অন্যের দিকে বাক্যবাণ ছোড়ার ব্যাপারটি থাকবেই। বিশেষ করে একটি দলের নাম যেখানে অস্ট্রেলিয়া। কী আশ্চর্য, তা একদমই নেই!
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে তীব্র রেষারেষির সম্পর্কটাকে প্রায়ই বড় ভাই-ছোট ভাইয়ের রূপকে দেখা হয়। এই ফাইনালের আগে দুই ফাইনালিস্টের মধ্যে আসলেই ভাই-ভাই ভাব! ছোটবেলায় খেলনা নিয়ে মারামারির স্মৃতি প্রাপ্তবয়স্ক দুই ভাইয়ের আড্ডায় যেমন হাসির খোরাক হয়, এখানেও যেন তা-ই। সংবাদ সম্মেলনে মাইকেল ক্লার্ক প্রায় সমবয়সী ব্রেন্ডন ম্যাককালাম সম্পর্কে এমন স্নেহভরে কথা বললেন, যেন আসলেই তিনি বড় ভাই! ম্যাককালাম ক্লার্কের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ। অস্বাভাবিক বলবেন? তা এই ফাইনালের আগে অস্বাভাবিক সব ঘটনাই তো ঘটছে। কে কবে শুনেছে, বিশ্বকাপ ফাইনালের আগের দিন স্বাগতিক দলের অধিনায়ক সংবাদ সম্মেলন শুরু করছেন ওয়ানডে ক্রিকেট থেকে তাঁর অবসরের ঘোষণা দিয়ে!
তাই বলে সাবেকদের তো আর বসে থাকলে চলে না। ইয়ান চ্যাপেল যেমন ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাইনালে নিউজিল্যান্ডের একটুও আশা নেই। অস্ট্রেলিয়া দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক বেশি, ওরা তাই হেসেখেলে জিতবে। ম্যাথু হেইডেন হুমকি আর রসিকতা মিলিয়ে যা বলেছেন, সেটি অনেকটা এ রকম—বাছারা, এত দিন নিজেদের দেশে ছোট ছোট মাঠে অনেক মাস্তানি করেছ। এর নাম এমসিজি, এখানে ওসব চলবে না। হুঁ হুঁ।
এই ফাইনালের আগে অস্বাভাবিক সব ঘটনাপ্রবাহের কথা বলছিলাম। এর মধ্যে এমসিজিও পড়ে। এর আগে কোন বিশ্বকাপ ফাইনালের আগে দুই দলের শক্তি-দুর্বলতার হিসাব-নিকাশের বদলে সবচেয়ে বেশি আলোচনায় ফাইনালের ভেন্যু! যেসবের মূল সুর একটাই—ক্রাইস্টচার্চ-অকল্যান্ডে যে শটে ছয় রান লেখা থাকে, এখানে তাতে বাউন্ডারি সীমানার ১০ গজ ভেতরে ক্যাচে মৃত্যু! শুনতে শুনতে বিরক্ত ম্যাককালাম তাই ব্যাটিংয়ের চেহারায় দেখা দিলেন, ‘বাউন্ডারি বড়, কিন্তু ব্যাট তো আগের চেয়ে অনেক বড়। আপনারা কাল শুধু বল উড়ে যেতে দেখবেন।’
প্রতিপক্ষকে ঘাবড়ে দিতে এমসিজির বিশাল মাঠকে অস্ট্রেলিয়ানদের অস্ত্র বানাতে দেখে টুইটারে খুব মজার যুদ্ধ চলছে। কেন উইলিয়ামসনের প্যারোডি টুইটার অ্যাকাউন্ট থেকে পর পর তিনটি এমন টুইট করা হয়েছে যে তাতে মজা না পেলে বুঝতে হবে আপনার রসবোধ বলে কিছু নেই।
টুইট নাম্বার এক: গতকাল পিচ দেখতে বেরিয়েছিলাম, এখনো পৌঁছাতে পারিনি।
টুইট নাম্বার দুই: পিচ অভিযানের দ্বিতীয় দিন: আশা হারিয়ে ফেলছি। এখনো স্টাম্প পর্যন্ত চোখে পড়ছে না। দিগন্তবিস্তৃত শুধু ঘাস আর ঘাস। সঙ্গে খাবার-দাবার যা নিয়ে বেরিয়েছিলাম, তা শেষের পথে।
টুইট নাম্বার তিন: চব্বিশ ঘণ্টা কিছু খাইনি। কোরি (অ্যান্ডারসন) অস্থির হয়ে উঠেছে, ‘চল্, ট্রেন্টকে (বোল্ট) খেয়ে ফেলি।’ গাধা! ওর গায়ে মাংস আছে নাকি?
যতই রসিকতা হোক, নিউজিল্যান্ডের জন্য আজ অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিপক্ষ এমসিজিও। যেখানে সর্বশেষ তাদের পা পড়েছিল প্রায় ছয় বছর আগে। বিস্ময়করই বলতে হবে, এত কাছের অস্ট্রেলিয়ায় গত ছয় বছর কোনো ওয়ানডে সিরিজ খেলেনি নিউজিল্যান্ড! আঠারো মাসও হয়নি যে নিউজিল্যান্ড বাংলাদেশে গিয়ে টানা দ্বিতীয়বারের মতো ‘বাংলাওয়াশ’ হয়ে এসেছে, এই বিশ্বকাপে সেই দলেরই আমূল বদলে যাওয়াও একই রকম বিস্ময় বলে বিবেচিত হওয়া উচিত। যে রহস্যের উত্তর হিসেবে সবচেয়ে বেশি আসছে ব্যাটিংয়ের মতোই ব্রেন্ডন ম্যাককালামের ভয়ডরহীন অধিনায়কত্ব। অ্যাডিডাসের ‘ইমপসিবল ইজ নাথিং’ বিজ্ঞাপনটাকেই যেন দলের স্লোগান বানিয়ে নিয়েছেন। সতীর্থদের একটা কথাই শুধু বলছেন, কোনো চ্যালেঞ্জই অজেয় নয়।
এমসিজি নিয়ে তাঁদের মনে কোনো ভীতি থেকে থাকলে ম্যাককালামের কাজটা আরও সহজ। শুধু এই মাঠে নিউজিল্যান্ডের সর্বশেষ ম্যাচটা মনে করিয়ে দিলেই চলছে। নিউজিল্যান্ডই জিতেছিল তাতে। জয়সূচক রানটা এসেছিল যাঁর ব্যাট থেকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ছক্কাটাকে বলা হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিখ্যাত শট। গ্রান্ট এলিয়ট।
ফাইনালের আগে অস্বাভাবিক সব ঘটনাপ্রবাহের কথা বলছিলাম। এই ম্যাচের ওপর পড়া দুজনের দীর্ঘ ছায়াও এর মধ্যে পড়ে। ম্যাককালামের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রসঙ্গে ক্লার্ক বলছিলেন, ফিলিপ হিউজের মৃত্যুর পর ম্যাককালাম ও তাঁর দলের দেখানো
সহমর্মিতা দুজনকে কেমন কাছে এনে দিয়েছে। ফাইনাল নিয়ে মার্টিন ক্রোর আবেগঘন লেখাটা পড়ে ম্যাককালামের কণ্ঠে যেন কান্না, ‘জীবনে যতটুকু সময় বাকি আছে, উনি যেন একটু শান্তি পান।’
যা শুনে বিশ্বকাপ ফাইনাল-টাইনাল সব তুচ্ছ মনে হলো! বিশ্বকাপ অবশ্যই অনেক বড়, কিন্তু জীবনের কাছে কতটুকু! আজ যে দলই জিতুক না কেন, শিরোপাটা বোধ হয় ফিলিপ হিউজ বা মার্টিন ক্রোকেই উৎসর্গ করা হবে।
একজন মৃত, আরেকজন মৃত্যুর দিন গুনছেন!