অবাক চোখে তাকিয়ে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘণ্টা, মিনিট, সেকেন্ড। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে ১১টার ঘরে। একটা সময় অপেক্ষা শেষ। ওই যে আর্জেন্টিনা দল এগিয়ে আসছে। ওই যে লিওনেল মেসি। এই গ্রহের সবচেয়ে বড় ফুটবল তারকা। তাঁকে হাত বাড়ানো দূরত্বে দেখা, মালা পরিয়ে দেওয়ার দুর্লভ সুযোগ পাওয়া—বাংলাদেশের ফুটবলারদের কাছে এত দিন ছিল স্বপ্ন। কাল সকালে সেটি বাস্তব!এই দলে আছেন বর্তমান জাতীয় দলের সুজন, ওয়ালি, প্রাণতোষ, মিশু, রেজাউল, নাসির, রবিন, মামুনুলসহ সবাই। ছিলেন আলফাজ, আরমান, জয়, ইকবাল, মতিউর মুন্না, ডন, গাউসদের মতো সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। তবে মেসির গলায় মালা পরিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত সাবেক খেলোয়াড় জাকির, মাসুদ রানা, বর্তমান অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, রেজাউল, মিশু, মামুন মিয়া, সোহেল রানা প্রমুখ।বিপ্লবের কণ্ঠে উত্তেজনা, ‘আমি মেসিকে মালা দেওয়ার সময় সে হাত বাড়িয়েছে। বললাম, ওয়েলকাম টু বাংলাদেশ। উত্তরে স্প্যানিশ ভাষায় কী বলেছে, বুঝিনি। সম্ভবত ধন্যবাদ দিয়েছে। মেসি ছিল খুবই হাসিমুখে। অবাক চোখে শুধু তাকিয়ে ছিলাম।’প্রাণতোষের কথা, ‘মেসিদের দেখামাত্রই আমাদের সবার প্রাণস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়। কথা ছিল, একেক করে আর্জেন্টিনার খেলোয়াড়দের আমরা মালা দেব। কিন্তু প্রথম দিকে সুযোগ পেয়ে ছয়-সাতজনে ওকে মালা দিয়ে ফেলেছে। মালার বিড়ম্বনায় পড়ে গিয়েছিল মেসি।’আবাহনীর অধিনায়কের মুগ্ধতা কাটছিলই না, ‘আমরা কত কিছু ভাবি এই খেলোয়াড়দের নিয়ে। এবার কাছ থেকে দেখলাম। সবার আগ্রহ ছিল মেসিকে নিয়েই। তা দেখে মাচেরানো “ওলে ওলে” বলে মেসির সঙ্গে দুষ্টুমি করছিল। সবাই মেসির সঙ্গে ছবি তুলতে চেয়েছেন। কিন্তু পারেননি।’সংবাদকর্মীদের প্রবেশাধিকার ছিল না বিমানবন্দরে। বিশেষ ব্যবস্থায় ভেতরে যাওয়া দুজন ফটোসাংবাদিককেও নিরাপত্তারক্ষীরা সরিয়ে দিয়েছেন। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে অনেকে মুঠোফোনে তুললেন ছবি।জানা গেল, আর্জেন্টিনার সব খেলোয়াড় হাত মেলাননি বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে। তবে মেসি, আগুয়েরোরা বুঝতে পেরেছেন, এই অভ্যর্থনায় তাঁদের সামনে আছেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়েরা।বিকেলে নাইজেরিয়ার খেলোয়াড়েরা বিমানবন্দরে নামলেন, বদলে গেল দৃশ্যপট। বাংলাদেশের এই খেলোয়াড়েরাই অভ্যর্থনা দিয়েছেন নাইজেরিয়াকে। চেলসির স্ট্রাইকার জন ওবি মিকেলসহ অন্য খেলোয়াড়েরা সাগ্রহেই হাত মিলিয়েছেন, ছবি তুলেছেন বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে।সদ্য-সাবেক হয়ে যাওয়া অধিনায়ক আমিনুল ছিলেন না এই দলে। জানালেন, ফেডারেশন থেকে আমন্ত্রণ পাননি। অন্যদের কাছ থেকে পেলেও তাই যাননি। জুয়েল রানা, হাসান আল মামুনও এই স্মরণীয় অধ্যায়ের বাইরে থাকলেন।