অবাক হয়েছেন কোহলিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলিও
বিরাট কোহলিও

মানতেই পারছিলেন না দক্ষিণ আফ্রিকার সমর্থকেরা। জয়ের একেবারে দোড়গোড়ায় এসেও প্রোটিয়া ব্যাটসম্যানরা যেভাবে ড্র করার সহজ পথে হেঁটেছেন সেটা অবাক করেছে অনেককেই। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের দর্শকেরাও সে সময় জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ১৯ বলে ১৬ রান করে রেকর্ড গড়া একটা জয়ের হাতছানি ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইনরা কীভাবে উপেক্ষা করলেন, সেটা ভেবে অবাক হয়েছেন বিরাট কোহলিও।
জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনের শুরুটা হয়তো ড্র করার লক্ষ্য নিয়েই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবি ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিসের ২০৫ রানের জুটিটা দিনের শেষ ভাগে প্রোটিয়াদের নিয়ে গিয়েছিল জয়ের দোরগোড়ায়। জয় থেকে মাত্র ১৬ রান দূরে থাকার সময় ডু প্লেসিস দুর্ভাগ্যজনকভাবে রানআউট না হলে নতুন একটা অধ্যায়ই যোগ হতো টেস্ট ক্রিকেটের ইতিহাসে। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়তে পারত দক্ষিণ আফ্রিকা।
ডু প্লেসিসের রানআউটটাই যে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছে—সেটা নিঃসন্দেহেই বলা যায়। কিন্তু ১৩৪ রান করা প্লেসিস সাজঘরে ফেরার পরও জয়ের আশা ভালোভাবেই ছিল স্বাগতিকদের। ২৫ রান করে অপরাজিত থাকা ফিল্যান্ডার তো তখনো ছিলেন উইকেটে। খেলার বাকি ছিল আরও তিন ওভার। হাতেও ছিল আরও দুই উইকেট। কেন তাঁরা কোনো চেষ্টাই করলেন না রান নেওয়ার, সেটা ভেবে সত্যিই অবাক হয়েছেন কোহলি, ‘সবাই খুব অবাক হয়েছে। আমরা ভাবতেও পারিনি যে তারা রান তাড়া করা ছেড়ে দেবে। ফিল্যান্ডার ভালোই রান করতে পারেন। আমরা এর আগেও সেটা দেখেছি। জানি না কী হয়েছিল। আমরা আমাদের পরিকল্পনামতো উইকেট নেওয়ার চেষ্টা করে গেছি। কিন্তু তাদের জয়ের চেষ্টা না করতে দেখে অবাকই হয়েছি।’
১৯ বলে যখন ১৬ রান দরকার তখন পর পর দুটি ওভারে কোনো রানই নেননি উইকেটে থাকা দুই ব্যাটসম্যান ফিল্যান্ডার ও স্টেইন। সিঙ্গেল নেওয়ার সুযোগ পেলেও সেটা কাজে লাগাননি তাঁরা। স্টেইনের শেষ বলে ছয়টা যেন আক্ষেপ আরও বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার সমর্থকদের। এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে চেষ্টা করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেও পারতেন তাঁরা।— পিটিআই