অবিক্রীত লারা-সৌরভ-গেইল
শুরুতেই রেকর্ডআইপিএল মানেই যে টাকার ছড়াছড়ি আর ওড়াউড়ি, এটা প্রমাণ করতেই যেন নিলাম শুরু হলো চোখ ধাঁধানো এক অঙ্ক দিয়ে। গৌতম গম্ভীরের ন্যূনতম দাম ছিল ২ লাখ ডলার। ডাক শুরু করেছিল আইপিএলের নতুন দল পুনে। এরপর বাড়তে থাকল তরতর করে। চোখের পলকে ১০ লাখ, ছাড়িয়ে গেল আগের রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার। কলকাতা নিলাম শুরুই করল ২০ লাখ দিয়ে, কোচির সঙ্গে লড়াইয়ের পর গম্ভীরকে দলে টানল ২৪ লাখ ডলারে!পাঠান-শক্তিএক ভাই ওয়ানডে দলে খেললেও আরেক ভাই দৃশ্যপটের বাইরে অনেক দিন। পাঠানবাড়িতেও তাই অনেক দিন ধরে আনন্দ-বিষাদের মিশেল। কিন্তু কাল আনন্দের বন্যায় ভেসে যাওয়ার কথা বরোদার পাঠানবাড়ি। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে (২১ লাখ ডলার) বড় ভাই ইউসুফ পাঠানকে কিনেছে কলকাতা। জাতীয় দলের বাইরে তো কী? ইরফান পাঠনকেও পাঞ্জাব দলে নিল ১৯ লাখ ডলারে!অনেক চমকের দিনজাতীয় দল থেকে বাদ পড়েছেন তিন বছর আগে, ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু করেননি। পুনে যে টাকায় তাঁকে দলে টানল, নিশ্চিতভাবেই রবিন উথাপ্পা চমকে গেছেন নিজেও। ২১ লাখ ডলার! গত তিন আইপিএলে রোহিত শর্মার পারফরম্যান্স ভালোই ছিল, কিন্তু ২০ লাখ ডলার পাওয়াটা বিস্ময়করই। চমক নিজেকে হারিয়ে খোঁজা ইরফান পাঠানের ১৯ লাখ ডলারও। গত আইপিএলের সাফল্যে সৌরভ তিওয়ারি ‘হটকেক’ হতে পারেন, কিন্তু তাই বলে ১৬ লাখ ডলার! ভেট্টোরি সাড়ে ৫ লাখ ডলার আর ইয়োহান বোথা সাড়ে ৯ লাখ, এটার ব্যাখ্যাই বা কী হতে পারে? ১৫ লাখের কেভিন পিটারসেন নেমে এলেন সাড়ে ছয় লাখে। ডোয়াইন ব্রাভোকে ২ লাখে পেয়ে চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং নিজেই বিস্মিত হয়ে গেলেন!সৌরভ-গেইল-লারা!গম্ভীর-পাঠানদের চোখ ধাঁধানো মূল্যের মাঝেই উল্টো চমক হয়ে এলেন সৌরভ গাঙ্গুলী। সাবেক নাইট রাইডার্স অধিনায়ককে কেউ দলেই নিলেন না! হয়তো ন্যূনতম মূল্য ২ থেকে বাড়িয়ে চার লাখ করাই কাল হলো ‘দাদা’র। চার বছর আগে ক্রিকেটকে বিদায় জানানো ব্রায়ান লারাও আকৃষ্ট করতে পারেননি কোনো ক্রেতাকে। অবিক্রীত থেকে গেছেন তামিম ইকবালও। কাল অবিক্রীতদের তালিকায় চমক খুঁজে পাবেন আরও—মুরালি কার্তিক, অজন্তা মেন্ডিস, সোয়ান, অ্যান্ডারসন, ফার্নান্ডো, লুক রাইট, প্রিয়র, বাউচার, গিবস, রাইডার...। তবে ক্রিস গেইলকেও কেউ না কেনার পর অবশ্য কোনোটাই আর বিস্ময়কর হওয়ার কথা নয়।সতর্ক কলকাতাগত তিনটি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সফলতা না পাওয়ার পেছনে পরিকল্পনাহীন ক্রিকেটার কেনাকে দায়ী করেছিলেন অনেক বোদ্ধা। এ জন্যই কি না, এবার নিলামে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে শাহরুখ খানের দল। একদিকে যেমন ঝোড়ো ইউসুফ পাঠান আছেন, আরেক দিকে তেমনি স্থিতধী ক্যালিস। সাকিবের মতো সব্যসাচী ক্রিকেটার, এউইন মরগান ও ব্রেট লিও ভালো সংগ্রহ। গৌতম গম্ভীরকে নিতে এতটা মরিয়া ছিল সম্ভবত অধিনায়ক করার চিন্তা থেকেই।বাকি আছে কতকালকের মতো টাকার ছড়াছাড়ি আজ দেখা যাবে না নিশ্চিত। কারণ প্রায় সব দলই ৯০ লাখ ডলারের কোটার বেশির ভাগ খরচ করে ফেলেছে। সবচেয়ে বেশি ৭৯ লাখ ৫০ হাজার খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা ৭৫ লাখ ৮০ হাজার। এই মুহূর্তে সবচেয়ে বেশি অর্থ হাতে আছে ডেকান চার্জার্সের, ৩৫ লাখ ডলার। দিল্লি ডেয়ার ডেভিলসের আছে ৩১ লাখ ৫০ হাজার। ওয়েবসাইট। ক্রীড়া প্রতিবেদক