অবিক্রীতই থেকে গেলেন তামিম
সাকিব আল হাসানের সঙ্গে গত বছরও আইপিএল নিলামে ছিলেন তামিম ইকবাল। সাকিব বিকোলেও তামিম থেকে যান অবিক্রীত। এবারও বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে থাকা তামিমকে নিল না কোনো দল।গতকাল বেঙ্গালুরুতে চমকে ভরা এক দিনের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আগের দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতের বহু প্রতীক্ষার জয়ে ম্যান অব দ্য ম্যাচ জাদেজাকে ২০ লাখ ডলারে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।ডেকান চার্জার্সও হাঁকিয়েছিল ২০ লাখ ডলার। শেষ পর্যন্ত জাদেজাকে চেন্নাই পেয়েছে টাইব্রেকারে। নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ছিল ২০ লাখ ডলার। একমাত্র খেলোয়াড়ের পেছনেই বাজেটের পুরো টাকা ঢালায় চেন্নাই আর কাউকে কিনতে পারেনি। ১০ লাখ ডলার বা তার বেশি দামে বিক্রি হয়েছেন আর মাত্র দুজন খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ লাখ ডলারে শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে নিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। ভারতের তরুণ পেসার বিনয় কুমারকে ১০ লাখ ডলারে কিনেছে বেঙ্গালুরু।নিলামে ইংল্যান্ডের খেলোয়াড়েরা থেকে গেছেন অবহেলিত। মুম্বাই সন্ত্রাসী হামলার জের ধরে ২০০৮ সালের প্রথম আসরের পর থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নেওয়া হচ্ছে না। ধারা বজায় থাকল এবারও। তবে অন্যভাবে এলেও একজন পাকিস্তানিকে ঠিকই খেলতে দেখা যাবে এবারের আইপিএলে। কাল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে ২ লাখ ডলারে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তিনি যে এখন ব্রিটিশ পাসপোর্টধারী!তবে নিলামে এর চেয়েও বড় চমক, সাহারা গ্রুপের পুনে ওয়ারিয়র্সের মালিকানা ছেড়ে দেওয়া। নিলামের ঠিক এক ঘণ্টা আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় সাহারা কর্তৃপক্ষ। ওয়েবসাইট।