অবিচলিত অঁরি
খুঁড়িয়ে খুঁড়িয়ে, আয়ারল্যান্ডের সঙ্গে প্লে-অফ খেলে এসেছে বিশ্বকাপের টিকিট। প্লে-অফে থিয়েরি অঁরির সেই হ্যান্ডবল-বিতর্ক দেখে অনেকেই হয়তো বলবেন, পেছন দরজা দিয়েই ২০১০ বিশ্বকাপে জায়গা পেয়েছে ফ্রান্স। বিশ্বকাপের ড্রয়ে বাছাইয়ের মর্যাদা মেলেনি। ফেবারিটদের তালিকায়ও কেউ রাখছে না তাদের। আর গত বুধবার প্রীতি ম্যাচে নিজেদের মাটিতে স্পেনের বিপক্ষে যে খেলাটা খেলল, ফ্রান্সকে নিয়ে খোদ ফরাসিরাই স্বপ্ন দেখা বাদ দিয়ে দিয়েছে। ৪২ বছর পর স্পেন ফ্রান্সে এসে হারিয়ে গেল ফ্রান্সকে। ব্যবধান ২-০। কিন্তু স্কোরলাইনও হয়তো সবটুকু বলতে পারেনি। স্পেনের কাছে আসলে অসহায় আত্মসমর্পণ করেছে ফ্রান্স। মাঠে ফ্রান্স দলটি ছিল খুব মন্থর। তবে দর্শকেরা প্রতিক্রিয়া জানাতে গতিমন্থরতায় ভোগেনি। একেবারে নগদ উপহার দিয়ে দিয়েছে দলকে। অঁরি বল ধরতে গেলেই ‘দুয়ো’ শুনেছেন, কোচ রেমন্ড ডমেনেখ মাঠে দুয়ো শুনেছেন, মাঠ থেকে বেরোনোর সময়ও। সিটি বাজিয়ে কান ঝালাপালা করে দেওয়া হয়েছে তাদের। অঁরি কি এতে মুষড়ে পড়েছেন? মোটেই না। বরং নতমস্তকেই দর্শক-উপহার গ্রহণ করেছেন ফ্রান্স স্ট্রাইকার। তাঁর উপলব্ধিটা একেবারে যাকে বলে খাঁটি, ‘ভালো খেলতে না পারলে তো শিস শুনতেই হবে।’ ৩২ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘সিটি বাজানো হয়েছে আমাকে লক্ষ করে, সিটি বেজেছে ডমেনেখের উদ্দেশে, ফ্রাঙ্কও (রিবেরি) বাদ যায়নি। মাঠ থেকে বেরোনোর সময় নিকোকেও (আনেলকা) তা শুনতে হয়েছে।’ডমেনেখ তো ম্যাচ শেষে নিজের দলের কথা বাদ দিয়ে স্পেনকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। বলেছেন, তাদের হাতেই যদি এবার ট্রফি ওঠে, সে হবে যোগ্যতার পুরস্কার। অঁরিও নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন স্পেনের শ্রেষ্ঠত্ব, ‘পুরো ম্যাচেই তো আমরা শুধু ওদের পেছন পেছন দৌড়ে গেলাম।’ জানালেন স্পেনের খেলায় মুগ্ধতার কথাও, ‘অনেকেই আমাদের শিরোপার দাবিদার হিসেবে দেখে না। তবে এটাও মনে রাখা উচিত, যে স্পেন দলটির সঙ্গে আমরা খেলেছি তারা অন্য গ্রহের দল। তাদের কাছ থেকে বল কেড়ে নেওয়াই কঠিন। জাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে কেমন তা আমি জানি। কারণ ওদের সঙ্গে আমি প্রতিদিনই প্র্যাকটিস করি। আরও আছে সেস ফ্যাব্রিগাস, জাভি আলোনসো—ডেভিড ভিয়া উঠে যাওয়ার পর নামা ফার্নান্দো তোরেস। এর সঙ্গে গোলে আছে ইকার ক্যাসিয়াস, ২৮ বছর বয়সেই যার একশ ম্যাচ খেলা হয়ে গেছে। টেলিভিশনে এই অসাধারণ দলটির খেলা দেখতে দারুণ, কিন্তু ওদের বিপক্ষে খেলাটা অসম্ভব।’গত তিনটি বিশ্বকাপের দুটিরই ফাইনাল খেলেছে ফ্রান্স। একবার শিরোপা হাতে উঠেছে, একবার তা ফসকে গেছে পেনাল্টি শ্যুট আউটের ‘লটারি’তে। সেই দল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কিছু করতে পারবে না? অঁরি আশাবাদী, ‘আমরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ স্তরে পৌঁছুতে কঠিন পরিশ্রম করে যাচ্ছি।’২০০৬ বিশ্বকাপে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রুপ পর্ব পেরোনোর পর ফ্রান্সের ফাইনালে ওঠার কথা কি আপনি ভুলে গেছেন? ওয়েবসাইট।