অবিশ্বাস্য কোস্টারিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টারিকাকে দ্বিতীয় রাউন্ডে তুলে দেওয়া গোলের সেই অবিস্মরণীয় মুহূর্ত। ব্রায়ান রুইজের (ডানে) হেড ইতালি গোলরক্ষক বুফনকে ফাঁকি দিয়ে ঢুকে যাচ্ছে জালে l ছবি: এএফপি
কোস্টারিকাকে দ্বিতীয় রাউন্ডে তুলে দেওয়া গোলের সেই অবিস্মরণীয় মুহূর্ত। ব্রায়ান রুইজের (ডানে) হেড ইতালি গোলরক্ষক বুফনকে ফাঁকি দিয়ে ঢুকে যাচ্ছে জালে l ছবি: এএফপি

তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে ‘পুঁচকে’ কোস্টারিকা। বিশ্বকাপের ড্রয়ের পরই তাই কনক্যাকাফের দেশটির দিকে কতজনের সহানুভূতির দৃষ্টি! আর সেটা হবে নাই-বা কেন! মৃত্যুকূপে তিন পরাশক্তির ‘খাদ্য’ হয়ে যাওয়াই যে কোস্টারিকার নিয়তি মনে হয়েছিল তখন। কিন্তু দুটি ম্যাচ না যেতেই সেই পুঁচকে দলটা সব হিসাব পাল্টে দিল। সহানুভূতির দৃষ্টি নয়, এখন তাদের ঘিরে বিস্ময়! তিন বিশ্ব চ্যাম্পিয়নের সহজ শিকার হওয়ার কথা ছিল যে দলটার, তারাই এখন পর্যন্ত এ বিশ্বকাপের সবচেয়ে বড় শিকারি। নিজেদের প্রথম ম্যাচে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে চমক জাগানো কোস্টারিকার কাছে কাল হেরে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিও! আরও বিস্ময়কর, ১-০ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মৃত্যুকূপ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো কোস্টারিকারই।
১৯৯০ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের শেষ েষালোতে খেলবে কোস্টারিকা। আর তাদের জোড়া অঘটনে কপাল পুড়ল আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। উরুগুয়ের কাছে হারার পরেই বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল ইংলিশদের। কাল কোস্টারিকার জয়ে সেটা কাগজে-কলমে নিশ্চিত হলো।
৪৪ মিনিটে কোস্টারিকান ডিফেন্ডার জুনিয়র ডায়াজের নিখুঁত ক্রস থেকে হেড করে ম্যাচের একমাত্র গোলটা করেন অধিনায়ক ব্রায়ান রুইজ। অবশ্য তার ঠিক আগ মুহূর্তেই কোস্টারিকান স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেলকে ফাউল করা হয় ইতালির ডি-বক্সে। রেফারি পেনাল্টির আবেদনে সাড়া না দিলেও রিপ্লে দেখার পর তাঁর সেই সিদ্ধান্ত বিতর্কিতই মনে হয়েছে।
গোলের একটা দারুণ সুযোগ পেয়েছিল ইতালিও। কিন্তু ৩১ মিনিটের সময় পিরলোর ক্রস থেকে পাওয়া সহজ সুযোগটা নষ্ট করেছেন মারিও বালোতেল্লি। খেসারত ইতালি দিল ম্যাচ হেরে। কিন্তু কপাল তো পুড়ল আসলে ইংল্যান্ডের!