অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলবে দক্ষিণ আফ্রিকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহিরদের এভাবেই হতাশ করে ছুটছেন ডি ভিলিয়ার্সরা
জহিরদের এভাবেই হতাশ করে ছুটছেন ডি ভিলিয়ার্সরা

চতুর্থ দিনে ধোনির দল ৪৫৭ রানের লিড পাওয়ার পর ভারতের ক্রিকেট বিজ্ঞজনেরা বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা টেস্ট ড্র করে ফেললে সেটাই নাকি হবে ভারতের পরাজয়! এই প্রতিবেদন লেখার সময় ম্যাচের যা পরিস্থিতি, তাতে ভারতের সেই ‘নৈতিক পরাজয়’ তো হয়েই গেছে, কে জানে, দক্ষিণ আফ্রিকা একটু সাহসী হলে আক্ষরিক পরাজয়টিও হয়ে যায় কি না ধোনির দলের! দক্ষিণ আফ্রিকা যে অসম্ভব এক সমীকরণ মিলিয়ে ফেলার সমূহ উজ্জ্বল সম্ভাবনার সামনে দাঁড়িয়ে।

দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে করেছে ৩৬০। দিনের খেলা আর ২২ ওভার বাকি। জয়ের জন্য দরকার আর ৯৮ রান। ওভারে সাড়ে চার। পঞ্চম দিনের উইকেটেও যেভাবে সাবলীল ব্যাট করছেন ফ্যাফ ডু প্লেসিস (১০২*) আর এবি ডি ভিলিয়ার্স (৮৭*), অসম্ভব কিছু মনে হচ্ছে না। দক্ষিণ আফ্রিকা টেস্ট জিতে গেলেই হয়ে যাবে ইতিহাস, বিশ্ব রেকর্ড। চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার কীর্তি নেই টেস্টের ১৩৬ বছরের দীর্ঘ ইতিহাসে।

চতুর্থ ইনিংসে চার শতাধিক রান তাড়া করে জেতার কীর্তিই আছে চারটি। এরই একটি দক্ষিণ আফ্রিকার। ৪১৪ করে জিতেছিল তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার বিশ্ব রেকর্ডটিও ৪১৮ রানের। এটিও অস্ট্রেলিয়ার বিপক্ষেই, করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে দক্ষিণ আফ্রিকার সামনে বেঁধে দেওয়া ৪৫৮ রানের লক্ষ্যও এখন অসম্ভব মনে হচ্ছে না। অবিশ্বাস্য সেই ঘটনাই কি ঘটিয়ে ফেলবে দক্ষিণ আফ্রিকা? সর্বশেষ ১০ ওভারে চারের কাছাকাছি রান তুলে কিন্তু প্রোটিয়ারা চ্যালেঞ্জটা নেওয়ারই ইঙ্গিত দিয়েছে।

অথচ আজ লাঞ্চের আগে জয়ই দেখছিল ভারত। ১৯৭ রানে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট। জয় থেকে প্রোটিয়ারা তখনো সাত সমুদ্দুর দূরে। কিন্তু ভারতের চাই শেষ ছয়টি উইকেট। সেখান থেকেই ১৬৩ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলকে শুধু বিপদ থেকে উদ্ধারই করেননি, জয়ের অসম্ভব স্বপ্নও দেখাচ্ছেন ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস।