অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ রানে ২ উইকেট। ৮৬ রানে ৬ উইকেট। আর ১০৭ রানে ৮ উইকেট! এ রকম বিপর্যয়ের পর অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ২৪০ রান তাড়া করা দল জয় পাবে, অতি আশাবাদীরাও এমন আশা করার দুঃসাহস দেখিয়েছেন কি না, সন্দেহ রয়েছে। তবে বাস্তবতা হলো, এই অবিশ্বাস্য কাজটিই করে দেখিয়েছে শ্রীলঙ্কা।না, শ্রীলঙ্কাকে এভাবে কৃতিত্ব দিলে দুজনের প্রতি অবিচার করা হবে। বলা ভালো, এই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাশিথ মালিঙ্গা। ব্যাটিং বিপর্যয়ের পরও এ দুজনের ১৩২ রানের জুটিই যে সফরে দ্বিতীয়বারের মতো হারের লজ্জা দিয়েছে অস্ট্রেলিয়াকে! মেলবোর্নে আজ অনুষ্ঠিত তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ম্যাথিউস-মালিঙ্গার অবিশ্বাস্য জুটিতে ৩৪ বল বাকি থাকতেই ১ উইকেটের জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।এর আগে ওয়ানডেতে ম্যাথিউসের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৭৫, মালিঙ্গার ১৬। আজ নিজেদের ব্যক্তিগত সর্বোচ্চ রান অতিক্রম করেছেন দুজনেই। মালিঙ্গা ব্যক্তিগত ৫৬ রানে রানআউটের শিকার হন, তখন শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন মাত্র ১ রান, কিন্তু হাতে ছিল একটি উইকেট। তীরে এসে শ্রীলঙ্কার তরী ডুবে যায় কি না, এ আশঙ্কা করা হচ্ছিল। তবে সব আশঙ্কা দূর করে দিয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা মুরালিধরন। শ্বাসরুদ্ধকর মুহূর্তে চার হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয়টি এনে দিয়েছেন তিনি। আর ম্যাচসেরা ম্যাথিউস অপরাজিত থাকেন ৭৭ রানে। —ক্রিকইনফো