অবিশ্বাস্য টিম ক্রাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদলি নেমে দুর্দান্তভাবে জিতিয়ে দিলেন দলকে। হল্যান্ড গোলরক্ষক টিম ক্রাল বাঁধা পড়লেন সতীর্থ ডার্ক কাউটের আলিঙ্গনে! l রয়টার্স
বদলি নেমে দুর্দান্তভাবে জিতিয়ে দিলেন দলকে। হল্যান্ড গোলরক্ষক টিম ক্রাল বাঁধা পড়লেন সতীর্থ ডার্ক কাউটের আলিঙ্গনে! l রয়টার্স

বাস্তব কখনো কখনো ছাড়িয়ে যায় কল্পনাকেও। কয়েক মুহূর্তের ব্যবধানে যেমন বদলে গেল টিম ক্রালের জগৎ। রূঢ় বাস্তবতার কঠিন পৃথিবী থেকে হঠাৎই যেন রূপকথার স্বপ্নজগতে!
শেষ বাঁশি তখন স্রেফ কয়েক মুহূর্তের অপেক্ষা। ঘড়ি ধরে বললে ৬০ সেকেন্ডেরও কম। গোলশূন্য ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারে। হঠাৎই চতুর্থ রেফারির বোর্ডে হল্যান্ডের খেলোয়াড় বদলের ঘোষণা। সেই বদলির নামটাও এল বড় চমক হয়ে। গোলকিপার ইয়াসপার সিলেসেনকে উঠিয়ে ডাচ কোচ মাঠে নামালেন বদলি গোলকিপার ক্রালকে। সিলেসেন হল্যান্ডের প্রথম পছন্দের গোলকিপার তো বটেই, টুর্নামেন্টেও খেলেছেন দলের প্রতিটি মিনিট। খানিক আগেই দুর্দান্ত এক সেভে মার্কোস ইউরেনাকে গোলবঞ্চিত করে বাঁচিয়েছেন দলকে। তাঁকেই কিনা উঠিয়ে নিচ্ছেন কোচ, সেটিও টাইব্রেকারের স্নায়ুপরীক্ষার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে! কে জানত, অপেক্ষা করছে আরও বড় চমক!
নাটকীয় এই বদলকে ছাপিয়ে গেলেন বদলি গোলকিপারই। মাঠে নেমে বল স্পর্শ করার সুযোগও হয়নি। কিন্তু টাইব্রেকারে কোস্টারিকানদের দু-দুটি শট ঠেকিয়ে হল্যান্ডকে তুললেন সেমিফাইনালে। এত দিন ডাগ-আউটের বেঞ্চ গরম করা রিজার্ভ গোলকিপারই ম্যাচ শেষে ডাচ উৎসবের মধ্যমণি। সংক্ষিপ্ত কিন্তু মধুরতম বিশ্বকাপ অভিষেক!
অথচ দেশের জার্সিতে পরশু মাত্র ষষ্ঠ ম্যাচ খেললেন। ৩ বছর আগে অভিষেক হলেও বেঞ্চ গরম করাই ছিল নিয়তি। টাইব্রেকার বিশেষজ্ঞ হিসেবেও কিন্তু তেমন নামডাক ছিল না। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ছয় মৌসুমে ২০টি পেনাল্টির মাত্র দুটিই বাঁচাতে পেরেছেন। সর্বশেষ মৌসুমে ৫টির একটিও না। নিশ্চয়ই অনুশীলনে তাঁর মাঝে কিছু একটা দেখেছিলেন কোচ? টাইব্রেকারে বাঁ দিকে ঝাঁপিয়ে প্রথমে ফেরান কোস্টারিকান অধিনায়ক ব্রায়ান রুইজের শট। একই দিকে ঝাঁপিয়ে মাইকেল ইউমানার শেষ শটটি ফিরিয়ে দিগ্বিদিকশূন্য ছুট, পেছনে ছুটছেন সতীর্থ, টিম ম্যানেজমেন্টের সবাই। এ যেন এক স্বপ্নছুট। চোখের পলকে বদলে গেল ক্রালের জগৎ। নিজের কীর্তি বিশ্বাস হচ্ছিল না নিজেরই। সবকিছু এত দ্রুত হয়ে গেল যে গুছিয়ে কথাই বলতে পারছিলেন না, ‘স্বপ্নপূরণ হলো...নাহ, স্বপ্নের চেয়ে বেশি কিছু। অবিশ্বাস্য! পুরো ম্যাচ বেঞ্চে বসে থেকে হঠাৎ মাঠে নেমে পেনাল্টি বাঁচিয়ে দলকে জেতানো...জানি না কী বলব আমি! ছেলেবেলা থেকেই এমন কিছুর স্বপ্ন দেখতাম যে দলের সবচেয়ে প্রয়োজনের সময় দারুণ কিছু করে নায়ক হব, সবাই ছুটবে আমার পেছনে!’
হল্যান্ডের টানা চারটি শটই জালে পাঠান ফন পার্সি, রোবেন, স্নাইডার, কাউট। ক্রালের বীরত্বে পঞ্চম শটটি নেওয়ার প্রয়োজনই হয়নি। দুটি শট বাঁচিয়েছেন, বাকি তিনটিতেও একদম ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন ক্রাল। এটাই বলে দিচ্ছে, পেনাল্টি-মনস্তত্ত্ব ভালোই বোঝেন তিনি। নিজেও খেলেছেন খানিকটা মানসিক খেলা। রুইজকেই যেমন বল স্পটে বসানোর পর মুখোমুখি হয়ে কী সব বলেছেন। জিয়ানকার্লো গনজালেজ যখন বল স্পটে বসাচ্ছেন, ক্রাল তখন বক্সের ভেতর, রেফারির পেছনে এদিক-সেদিক ঘোরাফেরা করছেন! এসবের ব্যাখ্যাও দিলেন পরে, ‘মনস্তত্ত্বের লড়াইয়ে আমি ওদের হারিয়েছি। ওদের মনস্তত্ত্ব নিয়ে খেলেছি। সীমা না ছাড়িয়ে এভাবে যতটা পারা যায় প্রতিপক্ষের মনোযোগ বিঘ্ন করা উচিত।’
বিশ্বকাপে আর মাঠে নামার সুযোগ পাবেন কি না, কে জানে। তবে বিশ্বকাপ ইতিহাস তাঁকে ধরে রাখবে। মনে রাখবে ডাচ ফুটবলও। হয়তো কোস্টারিকানরাও! এএফপি, ফিফাডটকম।