
জেমস ফকনার কথাটি বললেন হাসতে হাসতে। কথা শুনে অন্যরাই হাসিতে ফেটে পড়ার জোগাড়। পুরস্কার বিতরণী মঞ্চে ফকনারের দাবি, ‘কিছুটা নার্ভাস তো লাগেই।’ কিন্তু ব্যাটিং দেখে কে বলবে, নার্ভাস শব্দটার সঙ্গেও পরিচয় তাঁর!
মোহালির স্মৃতিটাই এখনো তরতাজা। এই তো গত অক্টোবরে ভারতের বিপক্ষে আটে নেমে ২৯ বলে ৬৪ করে দারুণ এক জয় এনে দিলেন দলকে। দিন কয়েক পর বেঙ্গালুরুতে সাতে নেমে ৭৩ বলে ১১৬, দলকে জেতাতে না পারলেও গড়লেন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তবে কাল ছাড়িয়ে গেলেন আগের সবকিছুকে। সফরের প্রথম জয়ের সুবাস পেয়ে যখন আনন্দে চকচক করছে ইংলিশদের চোখ, দুর্দান্ত এক ইনিংসে ইংল্যান্ডের সব কেড়ে নিলেন ফকনার।
মোহালির জয়ে ফকনারের সঙ্গী ছিলেন অ্যাডাম ভোজেসের মতো বিশেষজ্ঞ ব্যাটসম্যান, জয় ছিল ৪ উইকেটের। কাল শেষের নায়ক শুধুই ফকনার। শেষ ব্যাটসম্যান ক্লিন্ট ম্যাকাই যখন উইকেটে এলেন, জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ৬ ওভারে ৫৭। পরের আধঘণ্টা ম্যাকাই শুধু দেখলেন, ফকনার খেললেন। স্টোকসকে টানা দুই ছয়ে শুরু ফকনারের শেষের ঝড়। ৪৯তম ওভারে সেই স্টোকসকেই টানা দুটি ছয়ে জয়ের কাছাকাছি। আর শেষ ওভারে টানা তিন চারে ম্যাচ শেষ ৩ বল আগেই। ৫৭ রানের শেষ জুটিতে ম্যাকাইয়ের অবদান ২। শেষ চার ওভারে অবশ্য ম্যাকাইকে মাত্র দুটি বলেই স্ট্রাইক দিয়েছেন ফকনার। ৩ চার ও ৫ ছক্কায় ৪৭ বলে ৬৯ করে ড্রেসিংরুমে ফিরলেন তিনি সতীর্থদের গার্ড অব অনারে। ইংলিশদের হতাশাভরা অবিশ্বাস্য দৃষ্টি আর অস্ট্রেলিয়ানদের বাঁধনহারা উল্লাস বলছিল, কার হাসি কে হাসে!
উচ্ছ্বসিত মাইকেল ক্লার্ক ফকনারকে বললেন ‘নতুন মাইকেল বেভান।’ এখনই তুলনাটা বাড়াবাড়ি, তা ছাড়া ফকনারের মূল কাজ তো বোলিং। তবে পরিসংখ্যান কিন্তু চমক-জাগানিয়া। ‘দ্য ফিনিশার’খ্যাত বেভানের ক্যারিয়ার গড় ৫৩.৫৮, ফকনারেরও এখন ৫৩। ২৩২ ম্যাচের ক্যারিয়ারে ২১টি ছক্কা মেরেছেন বেভান, ফকনার ঠিক ২১টি মেরেছেন ২১ ম্যাচেই!
অথচ কালকের নায়ক হতে পারতেন ইংল্যান্ডের সেঞ্চুরিয়ান এউইন মরগান। ৭৮ রানে ৩ উইকেট হারানো দলের এক প্রান্ত আঁকড়ে রেখে ফিফটি ছুঁয়েছিলেন ৭০ বলে। শেষের ঝড়ে পরের ফিফটি ২৪ বলেই! যদিও ১ রানেই ক্যাচ হয়েছিলেন ক্লার্কের বলে। কিন্তু নিজেই আম্পায়ারকে দেখালেন, বৃত্তের বাইরে ৪ ফিল্ডারের জায়গায় ছিল ৫ জন! নো বলে বেঁচে গিয়ে ৯৯ বলে ১০৬। জস বাটলারের (৩৬ বলে ৪৯) সঙ্গে মিলে শেষ ১০ ওভারে দলকে এনে দিয়েছিলেন ১০৪। যথেষ্ট হলো না সেটিও। অস্ট্রেলিয়ার মাটিতে তিনবার তিন শ করেও হারল ইংল্যান্ড। গ্যাবায় তিন শ রান তাড়াও এই প্রথম। রান তাড়া করে জয়ে ফকনার-ম্যাকাইয়ের চেয়ে বড় শেষ উইকেট জুটি আছে একটিই, ১৯৭৫ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো ডেরেক মারি ও অ্যান্ডি রবার্টসের ৬৪!
ফকনার-টর্নেডোর আগে গ্লেন ম্যাক্সওয়েলের ৩৯ বলে ৫৪ সচল রেখেছিল অস্ট্রেলিয়ার রানের চাকা। শেন ওয়াটসনের চোটে ফেরা শন মার্শ করেছেন ফিফটি। টুকটাক রান পেয়েছেন প্রায় সবাই। তবে কেউ বড় ইনিংস না খেলতে পারাতেই জয়টা সরে গিয়েছিল দূরে। কে ভাবতে পেরেছিল, এভাবে পথ দেখাবেন ফকনার! তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০০/৮ (কুক ২২, বেল ৬৮, রুট ২, ব্যালান্স ৯, মরগান ১০৬, বোপারা ২৪, বাটলার ৪৯, স্টোকস ০, ব্রেসনান ১*, জর্ডান ২*, ম্যাক্সওয়েল ২/৩১, কোল্টার-নাইল ২/৫৫, ফকনার ২/৭৩, জনসন ১/৫৯); অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ৩০১/৮ (ওয়ার্নার ১৮, ফিঞ্চ ০, মার্শ ৫৫, ক্লার্ক ১৭, বেইলি ২৪, ম্যাক্সওয়েল ৫৪, হাডিন ২৬, কোল্টার-নাইল ১৬, ফকনার ৬৯*, জনসন ১, ম্যাকাই ২*, রুট ২/৪৩, জর্ডান ২/৫৩, ব্রেসনান ২/৬৪, বোপারা ১/১৯, র্যাঙ্কিন ১/৩৬, স্টোকস ১/৭৪)। ফল: অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী; ম্যান অব দ্য ম্যাচ: জেমস ফকনার।