অবিশ্বাস্য মিলা

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৪২ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকবে ‘৪২’ সংখ্যাটি নিয়ে—
পুরো নাম অ্যালবার্ট রজার মু মিলার। অবশ্য এই নামে কেউ চিনবে না। কিন্তু যদি বলেন রজার মিলা, ফুটবলপ্রেমীরা মুগ্ধ ও বিস্ময়ে বলবেন, ‘ওহ মিলা, ১৯৯০ বিশ্বকাপের সেই চমক!’
১৯৯০ বিশ্বকাপে চমকের নাম ছিল আসলে ক্যামেরুন। উদ্বোধনী ম্যাচেই নবাগত ক্যামেরুন হারিয়ে দিয়েছিল আগের আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে! কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল ক্যামেরুন। ‘অদম্য সিংহ’ নাম পেয়ে যাওয়া ক্যামেরুনের এই সাফল্যের নেপথ্যে ছিলেন মিলা। ওই আসরে করেছিলেন চার গোল।
এই জাদু অবশ্য পরের আসরে দেখাতে পারেননি। পারবেন কী করে, তখন যে তাঁর বয়স ৪২ বছর! যে বয়সে খেলোয়াড়দের মাঠে নয়, ‘সাবেক’ পরিচয় নিয়ে দেখা যায় মাঠের বাইরে। নিদেন কোচ হিসেবে ডাগ আউটে। ওই আসরে প্রথম রাউন্ডেই বিদায় নেয় ক্যামেরুন। তবে এরই মধ্যে একটা কীর্তি গড়েন মিলা। ২৮ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচটিতে গোল করেন। সেদিন তাঁর বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। এটাই বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। যেটি এখনো অক্ষুণ্ন আছে। কোনো দিন ভাঙবে বলে মনেও হয় না। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে ম্যাচ খেলার রেকর্ডও এটি।
অবশ্য ম্যাচটি মিলার জন্য স্মরণীয় হলেও ক্যামেরুনের জন্য তেতো একটা অভিজ্ঞতা হয়ে আছে। ওই ম্যাচে ক্যামেরুন যে রাশিয়ার কাছে আধ ডজন গোল হজম করেছিল। ওলেগ সালেঙ্কো একটাই করেছিলেন পাঁচটি গোল। এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করা রেকর্ডও এটি।
মিলা যেমন বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা, সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ডটি পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে গোল করার সময় পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন।