অবিশ্বাস্য রদ্রিগেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে এখনো ব্রাজিলিয়ান সাম্বা সেভাবে দেখা যায়নি। তবে মাঠ মাতাচ্ছে কলম্বিয়ান সাম্বা! ফুটবল-শৈলীতে যেমন, তেমনি গোল উদ্যাপনেও বিশ্বকাপ রাঙাচ্ছেন কলম্বিয়ানরা। দলের প্রাণভোমরা রদ্রিগেজ (১০ নম্বর জার্সি) কলম্বিয়ান সাম্বারও মধ্যমণি। পরশু আইভরিকোস্টের বিপক্ষে l এএফপি
গ্যালারিতে এখনো ব্রাজিলিয়ান সাম্বা সেভাবে দেখা যায়নি। তবে মাঠ মাতাচ্ছে কলম্বিয়ান সাম্বা! ফুটবল-শৈলীতে যেমন, তেমনি গোল উদ্যাপনেও বিশ্বকাপ রাঙাচ্ছেন কলম্বিয়ানরা। দলের প্রাণভোমরা রদ্রিগেজ (১০ নম্বর জার্সি) কলম্বিয়ান সাম্বারও মধ্যমণি। পরশু আইভরিকোস্টের বিপক্ষে l এএফপি

কলম্বিয়ার প্রাণভোমরা তিনি, দলের হৃৎস্পন্দন। বুদ্ধিদীপ্ত, চতুর সব পাস দিতে জুড়ি নেই। সামনে না তাকিয়েও বুঝে নিতে পারেন জায়গামতো পাসটা কাকে দিতে হবে। মাথা যে তিনি ভালোই খাটাতে পারেন, সেটা তাই জানত সবাই। কিন্তু কে জানত, মাথা দিয়ে গোলও করতে পারেন জেমস রদ্রিগেজ!
এমনিতে হেড করার সুযোগ খুব বেশি পান না রদ্রিগেজ। কিংবা বলা যায় প্রয়োজন হয় না। বরং তিনি হেড করান। দলের ফ্রি-কিকগুলো সাধারণত তিনিই নেন, বেশির ভাগ কর্নারও। পরশুও এভাবেই চলছিল। কিন্তু খুলছিল না আইভরিকোস্টের গোলমুখ। এ জন্যই হয়তো পরিকল্পনায় এল খানিকটা বদল। ৬৪ মিনিটে কর্নার নিতে গেলেন হুয়ান কুয়াদ্রাদো, আর বক্সে রদ্রিগেজ। নিখুঁত সেই কর্নারের রদ্রিগেজের হেড জড়িয়ে গেল জালে। আইভরিয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়েই বল জড়িয়েছে জালে, কিন্তু তীব্র গতির সেই গোলা কি ফেরানো যায়!
সতীর্থদের আর গোটা ফুটবল-বিশ্বকে তো বটেই, দুর্দান্ত ওই হেডে রদ্রিগেজ চমকে দিয়েছেন নিজেকেও, ‘হেডে এর আগে খুব কমই গোল করেছি। সত্যি বলতে পুরো ক্যারিয়ারে তিন-চারটির বেশি হবে না। আগেরগুলো সেভাবে মনেও নেই। তাই কোনো সন্দেহ নেই যে এটিই সেরা। সব গোলই আলাদা আনন্দ নিয়ে আসে, কিন্তু হেডে গোল করতে পেরে দারুণ লাগছে।’
এমনিতে শূন্যে তাঁর দক্ষতা খুব বেশি না হলেও পরশু ‘শূন্য জয়’ করেছেন দুই আইভরিয়ান কিংবদন্তিকে হারিয়ে! রদ্রিগেজের মার্কার ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার দিদিয়ের জোকোরা। আর বলের লড়াইয়ে রদ্রিগেজের সামনে লাফিয়েছিলেন রক্ষণকাজে নেমে আসা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। কিন্তু জোকোরাকে ছিটকে, দ্রগবার চেয়ে বেশি লাফিয়ে বল জালে জড়ান রদ্রিগেজ। তবে বল আর গোলের নেশায় থাকা মিডফিল্ডার কিন্তু জানতেনও না মার্কারের কথা, ‘বলছেন কী! তাই নাকি! দ্রগবা আমাকে মার্ক করছিল? গোলের আনন্দ তো আরও বেড়ে গেল!’

রদ্রিগেজ
রদ্রিগেজ


এমনিতে গোল করানোই তাঁর মূল কাজ। কিন্তু এগিয়ে চলার পালায় গোল করেও চলেছেন সমানে। বিশ্বকাপে দুই ম্যাচে দুই গোল, বিশ্বকাপের আগে থেকে ধরলে টানা চার ম্যাচে করলেন গোল। গোল করিয়ে যাচ্ছেন তো সমানেই। বললেন, কোনো কিছুতেই তাঁর ক্লান্তি নেই, ‘আমি শুধু দলে অবদান রাখতে চাই, যেভাবে পারি। গোল করে, গোল বানিয়ে দিয়ে, পাস দিয়ে, ট্যাকল করে, বল কেড়ে নিয়ে...!’
বছর দেড়েক ধরেই তাঁকে মনে করা হচ্ছে বিশ্বের সেরা তরুণ প্রতিভাদের একজন। বিশ্বকাপ শুরুর আগে ছিলেন সম্ভাব্য আলো ছড়ানো তরুণদের তালিকার শীর্ষে। বিশ্বকাপ শুরু এক সপ্তাহ পর সেই তরুণের আলোয় আলোকিত বিশ্বমঞ্চ। গোল্ডেন বলের লড়াইয়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়েও সম্ভবত তিনিই। কলম্বিয়ানদের নতুন ভালদেরামা এখন পূর্বসূরিকে ছাড়িয়ে যাওয়ার পথে। ১৯৯০ বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল ভালদেরামার কলম্বিয়া। এবার শেষ ষোলো নিশ্চিত হয়ে গেল প্রথম দুই ম্যাচেই। রদ্রিগেজের কলম্বিয়া হয়তো যাবে আরও সামনে! তথ্যসূত্র: ফিফা.কম।