দশটা নেতিবাচক খবরে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। কিন্তু পাকিস্তানের ‘অননুমেয়’ চেহারাটা যেন বদলানোর নয়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানের ‘অননুমেয়’ চেহারাটা কাল আরেকবার দেখালেন আবদুল রাজ্জাক। লক্ষ্য ২৮৭। ৭০ রানেই ৪ উইকেট। এর পরও পাকিস্তান ম্যাচ জিতবে, এটা ছিল প্রায় কল্পনাতীত। আগুন ঝলসানো ব্যাটিংয়ে রাজ্জাক প্রমাণ করলেন অনিশ্চয়তার ক্রিকেটে সবই সম্ভব। দক্ষিণ আফ্রিকার ম্যাচ পাকিস্তান জিতল ১ উইকেটে। দলকে ১৩৬ রানে রেখে অধিনায়ক আফ্রিদি আউট হলে ক্রিজে আসেন তিনি। জয়ের জন্য তখনো পাকিস্তানের চাই ১২৪ বলে ১৫২ রান। এখান থেকেই রাজ্জাক খেললেন ১০ ছক্কা ৭ চারে ৭২ বলে অপরাজিত ১০৯ রানের অবিশ্বাস্য ইনিংস। ওয়ানডেতে রাজ্জাক সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০০৪ সালে। ছয় বছরেরও বেশি সময় পর কাল সেঞ্চুরিই করলেন বড় প্রয়োজনীয় সময়ে। এতে ভেস্তে গেল ইনগ্রামের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৫ রান। ল্যাঙ্গাভেল্টের করা ৪৮তম ওভারে নেন ১১ রান। শেষ ওভারে চাই ১৪। দুই ছক্কা ১ চারে ৫ বলে রাজ্জাক তুলে নিলেন ১৬। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২৮৬/৮ (ইনগ্রাম ১০০, আমলা ৬৫, ডুমিনি ৫৪; রিয়াজ ২/৪৩, আফ্রিদি ২/৫৯)।পাকিস্তান: ২৮৯/৮, ৪৯.৫ ওভার (ফাওয়াদ ৪৮, আফ্রিদি ৪৯, রাজ্জাক ১০৯*, ল্যাঙ্গাভেল্ট ৭৫/৩)।