অবিশ্বাস্য! অসাধারণ! নাকি স্বপ্ন দেখলাম?বিশ্বাসই হচ্ছে না আমাদের আবুল হাসান সেঞ্চুরি করে ফেলেছে। অভিষেক-টভিষেক বাদ দিন, ১০ নম্বরে ব্যাট করতে নেমে হাসান সেঞ্চুরি করেছে, এটাই যথেষ্ট বিস্ময়কর। তাও আবার বোলারদের মতো এলোমেলো ব্যাট চালিয়ে নয়, সত্যিকারের ব্যাটসম্যানের সেঞ্চুরি। নইলে ১০০ রান করতে ওর ১০৬টা বল খেলা লাগত না। সেঞ্চুরি বা আউট—দুটোর যেকোনো একটা হয়ে যেতে পারত আগেই। সে রকম ব্যাট করেনি বলেই প্রথম দিন শেষে হাসান ১০০ রান করে অপরাজিত। তার শটগুলোও নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন। বাজে শট বলতে গেলে দেখলামই না।হাসান কী বিস্ময় উপহার দিয়েছে, তা সংক্ষেপে বলা যাবে না। তবে তার অসাধারণ ইনিংসটির পেছনে মাহমুদউল্লাহরও আছে বিরাট অবদান। মাহমুদউল্লাহ তার ওপর আস্থা রেখেছে বলেই পেরেছে হাসান। মাহমুদউল্লাহ যদি ভাবত হাসান পারবে না, যা করার তাকেই করতে হবে, তাহলে সেও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারত না। খেলতে পারত না এমন অসামান্য ইনিংস।আবুল হাসান জাতীয় দলে খেলছে বোলার হিসেবে। সে ৫ উইকেট পাবে, দুই ইনিংসে ১০-১২ উইকেটও পেতে পারে। কিন্তু সেঞ্চুরি অবিশ্বাস্য। এমন না যে, টেস্ট ক্রিকেটে এর আগে কেউ সেঞ্চুরি করেনি। কিন্তু হাসান যে অবস্থায় দাঁড়িয়ে থেকে ইনিংসটা খেলল, যেখান থেকে টেনে আনল দলটাকে, এর ব্যাখ্যা অন্তত আমার জানা নেই।হাসানের রাজকীয় অভিষেকের দিনে আমাদের বেশির ভাগ ব্যাটসম্যানের ব্যাটিং আশাহত করেছে। নাসির খুব ভালো খেলছিল। শট বেশি খেললেও সবই মোটামুটি হাতের কাছে পাওয়া বল। কিন্তু কেন যে ওই বলটা ডাউন দ্য উইকেটে গিয়ে বানিয়ে খেলতে গেল, বুঝলাম না। অথচ ও আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে ভালো একটা সংগ্রহের জন্য দলকে হাসানের ইনিংসের ওপর নির্ভর করতে হতো না। ওটা হতো বাড়তি পাওয়া।নাঈমকেও মনে হলো একটু তাড়াহুড়ো করে খেলতে গেছে। অবশ্য এমন একটা দিন শেষে কোনো ভুল-ত্রুটিকেই আর বড় মনে হচ্ছে না। ১৯৩ রানে ৮ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে গেলেও মাহমুদউল্লাহ-হাসানের জুটিতে দিন শেষে আমরা আছি খুবই ভালো জায়গায়। দুজনই অপরাজিত থাকায় দ্বিতীয় দিনে সুযোগ থাকবে আরও ভালো জায়গায় চলে যাওয়ার। প্রথম দিনে হাসানকে যে রকম সমর্থন দিয়ে গেছে মাহমুদউল্লাহ, দ্বিতীয় দিনে হাসানেরও উচিত হবে মাহমুদউল্লাহকে সমর্থন দেওয়া। ওদের উচিত হবে মাহমুদউল্লাহর সেঞ্চুরির জন্য খেলা। তাহলে দলের খেলাও হয়ে যাবে। প্রথম সেশনের বেশির ভাগ সময়টা যদি কাটিয়ে দিয়ে আসতে পারে, তাহলেই কাজটা হয়ে যাবে, আশা করি। প্রথম ইনিংসের স্কোরবোর্ডে বড় একটা রান উঠবে।আমি খুলনা বিভাগের ছেলে। টেস্ট ক্রিকেটে খুলনার অভিষেকের দিনটা এমন রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ আর হাসানকে। তবে এখনো অনেকটা পথ বাকি। আমরা যত রানই করি, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের শুরুতে আটকাতে না পারলে এই টেস্টে ভালো কিছু পাওয়া হয়তো সম্ভব হবে না। আমার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশের সেরা বোলার রুবেল। খুলনা টেস্টের গতি নির্ভর করবে তার আর হাসানের ওপরই। তারা শুরুতেই উইকেট নিতে না পারলে পরে কঠিন হয়ে যাবে কাজটা।