অবিশ্বাস্য হেরাথ!

বয়স ৩৬। এ মুহূর্তে শ্রীলঙ্কা দলের অন্যতম বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় তিনি। বয়সের তুলনায় ম্যাচের সংখ্যা নেহাতই কম। আজকেরটি বাদ দিলে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। নিজেকে চেনাতে আজকের দিনটির জন্যই বোধ হয় অপেক্ষা করছিলেন রঙ্গনা হেরাথ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার রীতিমত বাঁচা-মরার লড়াই। সে লড়াই আরও কঠিন হয়ে গেল প্রথমে ব্যাট করে মাত্র ১১৯ করে অলআউট হওয়ায় । টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মতো দলের কাছে ১২০ কঠিন কিছু? কিন্তু নিউজিল্যান্ডের জয়ের পথে কাটা বিছিয়ে দেওয়ার মূল কাজটি করলেন হেরাথ। মুড়ি মুড়কির মতো উইকেট তুলে নিলেন শুরুতেই। হেরাথের মায়াবি ঘূর্ণিতে টালমাটাল নিউজিল্যান্ড। দুর্দান্ত জয়ে সেমিফাইনালে উঠল শ্রীলঙ্কা। ম্যাচের মূল নায়ক হেরাথও ঢুকে পড়লেন রেকর্ড বইয়ে। আজ হেরাথের বোলিং ফিগার—৩.৩-৩-৫! ব্যাখ্যা না দিলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ৩.৩ ওভার-৩ রান-৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। আর গোটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং ফিগারের তালিকায় শীর্ষে হেরাথেরই সতীর্থ অজন্তা মেন্ডিসের। ২০১২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মেন্ডিসের বোলিং ফিগার ছিল— ৪ ওভারে ৮ রানে ৬ উইকেট। হেরাথের পর অর্থাত্ তৃতীয় সেরা বোলিং ফিগার উমর গুলের। পাকিস্তানের ফাস্ট বোলার ২০০৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৩ ওভারে ৬ রানে ৫ উইকেট।
তবে এক দিক দিয়ে সবার থেকে এগিয়ে হেরাথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কিপ্টে বোলিংয়ের কীর্তি তাঁরই। আজ মাত্র ৩ রান দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একটা সময় হেরাথের বোলিং ফিগার ছিল এমন— ২ ওভারে ০ রানে ৩ উইকেট! সত্যি অবিশ্বাস্য হেরাথ!