অবেলায় চলে গেলেন মর্টন
১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের কখনো জাতীয় দলে থিতু হতে পারেননি। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বছর দুয়েক আগে, তাই আড়ালেই ছিলেন পাদপ্রদীপের। রুনাকো মর্টন এবার চলে গেলেন লোকচক্ষুর অন্তরালেই! ত্রিনিদাদে কাল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান। ক্রিকেট ক্যারিয়ার গোধূলি ছুঁই-ছুঁই হলেও জীবনের ইনিংসে বয়সটা ছিল কমই—৩৩ বছর ২২৬ দিন!ছোট্ট জীবনের বেশির ভাগজুড়ে ছিল যা, মৃত্যুর উৎসও সেই ক্রিকেট। একটি ক্রিকেট ম্যাচ খেলে একাই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সলোমন হোচোয় হাইওয়ে ধরে। স্থানীয় সময় রাত ১১টার দিকে সেন্ট্রাল ত্রিনিদাদের চেজ ভিলেজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাম্বার সঙ্গে ধাক্কা খায় তাঁর গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু। মর্টনের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে সাবেক-বর্তমান সতীর্থদের শোকবার্তায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো। ক্রিস গেইলের টুইট, ‘সত্যিকারের এক লড়াকুকে হারালাম আমরা। রুনাকো মর্টনের আত্মা শান্তি পাক, আমাদের দুজনের স্মৃতিগুলো বেঁচে থাক...পরিবারের প্রতি সমবেদনা।’ছোট্ট দ্বীপ নেভিস থেকে উঠে এসে টেস্ট খেলা গুটিকয় ক্রিকেটারের একজন মর্টন। বছর দুয়েক ধরে অবশ্য থিতু হয়েছিলেন ত্রিনিদাদে। ১৫ টেস্টে ২২.০৩ গড়ে রান করেছেন ৫৭৩। তুলনায় সফল ওয়ানডেতে ৫৬ ম্যাচে ৩৩.৭৫ গড়ে ২ সেঞ্চুরিতে ১৫১৯ রান। ওয়ানডেতে অস্বস্তির একটা রেকর্ড আছে তাঁর, সবচেয়ে বেশি বলে শূন্য (৩১ বলে)! কাল চলে গেলেন সবকিছুর ঊর্ধ্বে। ওয়েবসাইট।