অবৈধ প্রস্তাব পেয়েছিলেন ৫৬ ক্রিকেটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট থেকে বাজিকরদের উৎপাত কমে গিয়েছিল বলেই মনে করা হতো একসময়। কিন্তু গত বছর লর্ডস টেস্টে তিন পাকিস্তানি ক্রিকেটারের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর সেই ধারণাটা ধাক্কা খায়। আর পরশু বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ ওয়াহ তো দিলেন আরও বড় দুঃসংবাদ। জানালেন, গত বছর ৫৬ জন ক্রিকেটার আইসিসির কাছে রিপোর্ট করেছিলেন, তাঁরা বাজিকরদের কাছ থেকে অবৈধ প্রস্তাব পেয়েছে। অথচ ২০০৯ সালে আইসিসির কাছে এমন রিপোর্ট করেছিলেন মাত্র পাঁচজন।এমসিসির ক্রিকেট কমিটির অন্যতম এই সদস্য সম্প্রতি ক্রিকেট থেকে দুর্নীতি নির্মূলে আবারও সরব হয়েছেন। নিজে লাই-ডিটেক্টরের সামনে পরীক্ষা দেওয়ার পর এই প্রযুক্তি ক্রিকেটে ব্যবহারের প্রস্তাবও করেছেন। ৪৬ বছর বয়সী অস্ট্রেলীয় বিবিসি স্পোর্টকে আবারও বললেন, ‘দোষী প্রমাণিত হলে অধিনায়ক কিংবা দায়িত্বে থাকা ব্যক্তিদের আজীবন নিষিদ্ধ করা উচিত।’ অধিনায়কের ওপরই সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক বেশি করে জোর দিচ্ছেন। কারণ তাঁর মতে, দলের নীতির চর্চাটা অধিনায়কের হাত দিয়েই শুরু হয়। এ কারণে সবচেয়ে কঠোর শাস্তিটা তাঁর জন্যই রাখা উচিত।দুর্নীতি নির্মূলে আইসিসির উদ্যোগে পুরোপুরি সন্তুষ্ট না হলেও প্রশংসা করেছেন ওয়াহ, ‘আমি জানি না আইসিসি যথেষ্ট কাজ করছে কি না। এ ব্যাপারে আমি তাদের সঙ্গেও কথা বলব। তবে তারা বেশ ভালো কাজ করছে, সেটা বোঝা যায়, যখন গত বছর ৫৬ জন ক্রিকেটার আইসিসির কাছে রিপোর্ট করেছে অবৈধ প্রস্তাব পাওয়ার। এর আগের বছর সংখ্যাটি ছিল মাত্র পাঁচ। এখান থেকে বোঝা যায়, আইসিসির ওপর আস্থা বাড়ছে খেলোয়াড়দের।’শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ বাকি খেলাগুলোতেও বাজিকরদের এই দৌরাত্ম্যের খবর আসছে ইদানীং। এ কারণে ওয়াহ বলছেন, সময়টা খুবই স্পর্শকাতর। এখন আরও বেশি সক্রিয় হতে হবে। চোখ বন্ধ করে বসে থাকলে চলবে না। বিবিসি।