অব্যবস্থাপনার এক লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে যার মতো মাঠে ঢুকে পড়ছেন। বাধা দেওয়ার কেউ নেই। পুলিশ নীরব দর্শক। বাফুফের ভ্রুক্ষেপই নেই সেদিকে। পেশাদার ফুটবল লিগের পঞ্চম আসরেও খেলোয়াড়েরা চরম নিরাপত্তাহীন।শেখ জামালের কাছে কাল মোহামেডান হারল ২-১ গোলে। হারতেই পারে। শক্তির বিচারে সাদা-কালোরা শেখ জামালের চেয়ে বেশ পিছিয়ে। কিন্তু শেষ দিকে মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার উইলকক্স দৃষ্টিকটু একটা মিস করে বসলেন। দুই হাত সামনে থেকে তিনি বল মারলেন বারের ওপর দিয়ে। এই দৃশ্য ক্ষুব্ধ করে তুলেছে জনা পঞ্চাশেক মোহামেডান-সমর্থককে। তারা ম্যাচের পর মাঠে ঢুকে পড়েছে। ডাগআউটে এসে শাসিয়েছে উইলকক্স ও অন্যদের। গোটা পরিবেশ তখন ভীতিকর হয়ে ওঠে। অবস্থা এমন হয়ে দাঁড়ায়, পারলে উইলকক্সকে লাঞ্ছিত করে ওই সমর্থকেরা। একজন তো বাঁশ নিয়ে ঢুকে পড়ল মাঠে। সবাই তখন শঙ্কিত। কী হতে যাচ্ছে! চিৎকার, চেঁচামেচি, গালাগাল চলল সমানে। কোনো রকমে খেলোয়াড়রদের ড্রেসিং রুমে পার করে নেওয়া গেল। অন্যথায় অপ্রীতিকর কিছু ঘটে যেতে পারত। যা ঘটেছে সেটিই তো অনেক! নামে পেশাদার লিগ, এখানে খেলোয়াড়দের নিরাপত্তা বলতে কিছু নেই। পুলিশ বলেছে, কার মাঠে ঢোকা আটকাতে হবে, কাকে ছাড়তে হবে—এসব নিয়ে বাফুফের কোনো নির্দেশনা তাদের কাছে নেই। বাফুফের কেউ যে পরিস্থিতি সামাল দেবে, তা-ও নয়। দু-একজন বাদে বাফুফের অন্য কর্তারা খেলা দেখতে আসেন না। শুধু তা-ই নয়, লিগে কী হচ্ছে, সেই খোঁজও কর্তারা রাখেন কি না, সন্দেহ। খেলার সময় বদলে যায় মধ্যরাতে, বিনা নোটিশে। কাল সবাই মাঠে এসে দেখেন, নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর খেলা শুরু হবে। লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানলেন, ‘আগের রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে সাড়ে তিনটার বদলে ১৫ মিনিট পর খেলা শুরু হবে।’ অথচ তাঁর কর্মিবাহিনী সেই সিদ্ধান্ত জানানোর প্রয়োজনও বোধ করে না! এই হলো পেশাদার লিগ। নিরাপত্তাহনীতা, অব্যবস্থাপনা সমানে চলছে!