অব্যবস্থাপনায় শুরু জুনিয়র ব্যাডমিন্টন
গলায় ঝোলানো অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে হাতপাখা বানিয়েছেন সিলেটের কিশোরী মৌলি ও বুশরা। গায়ের জার্সি খুলে বসে আছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিজানুর, সিফাত, রিমনেরা। দুঃসহ গরমে ঘেমে-নেয়ে একাকার এসব কিশোর-কিশোরী এসেছেন ঢাকায় জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন খেলতে। কিন্তু খেলা ছেড়ে সবাই ব্যস্ত নিজেদের নিয়ে। খেলবেন কী করে? পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে যে তখন চলছিল লোডশেডিং!জাতীয় পর্যায়ের আসরে প্রথমবারের মতো খেলতে এসে খুবই খারাপ অভিজ্ঞতা হলো সিলেটের অগ্রগামী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বুশরার। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) নষ্ট। এরপর ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং। সব মিলিয়ে অবস্থা জেরবার খুদে শাটলারদের। অব্যবস্থা আরও আছে। কাল উদ্বোধনী দিনের খেলা শুরু হলেও অনেক জেলার কর্মকর্তারা অভিযোগ করলেন, খেলার চূড়ান্ত সূচি তখনো হাতে পাননি। জিমনেসিয়ামের বাইরে টাঙানো প্রতিযোগিতার ব্যানারটা ছিঁড়ে পড়ে আছে রাস্তায়! এক জেলার খেলোয়াড় খেলছেন অন্য জেলায়। যেন এসব দেখার কেউই নেই।এমন অব্যবস্থাপনার মধ্য দিয়েই ব্যাডমিন্টনের নির্বাচিত নতুন কমিটি শুরু করল তাদের প্রথম টুর্নামেন্ট। লোডশেডিং নিয়ে বেশ বিব্রতই ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান, ‘লোডশেডিংয়ের ব্যাপারটা তো আমাদের হাতে নেই। তবে বিদ্যুৎ অফিসে আমরা চিঠি দিয়েছি যেন ঘন ঘন লোডশেডিং না হয়। আর এসি নষ্ট বলে মন্ত্রী সাহেব নিজেও রাগারাগি করেছেন। আমরা এনএসসিকে জানিয়েছি। তারা বলেছে, জরুরি ভিত্তিতে এসি মেরামত করে দেওয়া হবে।’