অভব্য আচরণের শাস্তি পেল পাকিস্তানিরা

ভুবনেশ্বরে চ্যাম্পিয়নস ট্রফি হকির সেমিফাইনাল জিতে পাকিস্তানি খেলোয়াড়দের অভব্য আচরণ মেনে নেয়নি আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। বহিষ্কারাদেশ ধরিয়ে দেওয়া হয়েছে দুই পাকিস্তানি হকি খেলোয়াড়কে। কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে একজনকে। পাকিস্তানি হকি ফেডারেশনকে এফআইএইচের কাছে করতে হয়েছে লিখিত ক্ষমাপ্রার্থনা।
গত পরশু ভুবনেশ্বরে চ্যাম্পিয়নস ট্রফি হকির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ‘চিরশত্রু’ ভারতের বিপক্ষে জিতেই বেসামাল হয়ে পড়েন পাকিস্তানি খেলোয়াড়েরা। আবেগ প্রকাশের অনেক মাধ্যম থাকতে পারে, কিন্তু পাকিস্তানি হকি খেলোয়াড়েরা বেছে নেন অশ্লীল ও কুরুচিপূর্ণ মাধ্যম। স্টেডিয়াম-ভর্তি দর্শকের সামনে উদোম শরীরে উদ্দাম নৃত্য তো ছিলই, সেই সঙ্গে আনন্দ প্রকাশে ছিল ভারতীয় দর্শক ও সাংবাদিকদের প্রতি অশ্লীল ইঙ্গিত। পুরো ব্যাপারটা এতটাই অপমানসূচক ছিল যে এতে ফুঁসে ওঠে ভারতীয় হকি অঙ্গন। পাকিস্তানের সঙ্গে হকি-সংক্রান্ত সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে দেয় তারা। সেই সঙ্গে হুমকি দেয় পাকিস্তান এফআইএইচের কোনো প্রতিযোগিতা আয়োজন না করার। ভারতীয় হুমকির পরই এফআইএইচের কাছ থেকে আসে এই সিদ্ধান্ত।
এফআইএইচের বহিষ্কারাদেশের কারণে জার্মানির বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলতে পারেননি দুই পাকিস্তানি হকি খেলোয়াড় আলী অামজাদ ও মোহাম্মদ তৌসিফ। এ ঘটনায় কড়া ভাষায় সতর্ক করা হয়েছে তারকা শাফকাত রসুলকে। এফআইএইচ বরাবর চিঠি লিখে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কোচ শাহনাজ শেখ। তবে ক্ষমাপ্রার্থনার চিঠিতে নাকি পাকিস্তান গত এশিয়ান গেমস হকির ফাইনাল জয়ের পর ভারতীয় হকি খেলোয়াড়দের একই ধরনের আচরণের অভিযোগ তুলেছে।
এফআইএইচের এই সিদ্ধান্ত অবশ্য খুব একটা খুশি করতে পারেনি ভারতীয় হকির সর্বোচ্চ সংস্থা-হকি ইন্ডিয়াকে। বহিষ্কারাদেশ পাওয়া আলী আমজাদ ও মোহাম্মদ তৌসিফ পাকিস্তান দলের নিয়মিত খেলোয়াড় নন বলে অভিযোগ করেছে তারা। তারা বলেছে, ঘটনায় সম্পৃক্ত থাকার পরেও নিয়মিত তারকা খেলোয়াড় শাফকাত রসুলকে কেবল সতর্ক করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। হকি ইন্ডিয়া এ ব্যাপারে পাকিস্তান হকি ফেডারেশনের তরফ থেকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে।
এদিকে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা অবশ্য জিততে পারেনি পাকিস্তান। জার্মানির কাছে ২-০ গোলে হেরে শেষটা তাদের হয়েছে যাচ্ছেতাই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।