বাংলাদেশের সেরা জয় অবশ্যই নয়, তবে অভাবনীয় তো বলাই যায়! কেন, অভাবনীয় কেন? বাংলাদেশ কি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে না? অবশ্যই পারে। পারে যে, তা প্রমাণ করার পর কথাটাই কেমন অবাস্তব লাগছে।তার পরও ‘অভাবনীয়-টভাবনীয়’ জাতীয় কথাবার্তা আসছে কেন? আসছে একটা স্বীকারোক্তি করব বলে। কোনো কিছু হয়ে যাওয়ার পর ‘আমি আগেই বলেছিলাম’ জাতীয় ভাব করলে খুব বাহবা পাওয়া যায়। এখানে ঘটনা উল্টো। গত পরশু, এই ম্যাচের আগের দিন কেউ যদি ভবিষ্যদ্বাণী করতে বলত, আমি একটুও না ভেবে ওয়েস্ট ইন্ডিজকে জয়ী ঘোষণা করে দিতাম।নির্দিষ্ট কোনো কারণ বলা বা ব্যাখ্যা করা খুব কঠিন। অনেক কিছু মিলিয়েই এমন মনে হয়েছিল। প্রথম কারণ তো অবশ্যই সাকিব আল হাসান নেই। ক্রিকেট যতই টিমগেম হোক, কোনো কোনো দলে এমন একজন খেলোয়াড় থাকেন, যাঁর অনুপস্থিতিতে দলের শক্তি অর্ধেক কমে যায়। সাকিবের অনুপস্থিতির সঙ্গে যোগ হয়েছিল প্রায় নতুন চেহারার বাংলাদেশ। এক ম্যাচে চার নতুনের অভিষেক, নাঈমও দলের এমন কোনো অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারেননি। সব মিলিয়ে মনে হচ্ছিল, বাংলাদেশ যেন আবার নতুন করে শুরু করছে।এসব তো ছিলই, তার ওপর বৃত্তের বাইরে একজন ফিল্ডার কমে যাওয়ার নতুন নিয়ম আর ওয়েস্ট ইন্ডিজ দলে বড় বড় ছক্কা মারার অগুনতি ব্যাটসম্যান—সবকিছুর যোগফলে চোখের সামনে নেচে বেড়াচ্ছিল ৫-০! গত পরশু প্রিভিউয়ের দিন দুই অধিনায়কের সংবাদ সম্মেলনের আগে-পরে সাংবাদিকদের আড্ডায়ও বাংলাদেশের জয়ের সম্ভাবনা ঘুণাক্ষরেও উচ্চারিত হতে শুনিনি। কাল সকালে প্রেসবক্সে ঢুকতে ঢুকতে টস হয়ে গেছে। টসে কী হলো—প্রশ্ন করায় সতীর্থ এক সাংবাদিক ইংরেজিতে যা বললেন, সেটির অর্থ হয় এ রকম—ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাটিং এবং ৪১৫ রান করার সিদ্ধান্ত নিয়েছে।শুনে হাসলাম। যতটা না অবিশ্বাসের হাসি, তার চেয়ে বেশি সমর্থনসূচক। ৪১৫ একটু বেশি হয়ে যায়, তবে এই উইকেটে গেইল-স্যামুয়েলস-পোলার্ডদের চার শর কাছাকাছি করে ফেলার সম্ভাবনা মোটেই অবাস্তব কিছু মনে হয়নি। এবার বুঝতে পারছেন তো, কেন আমার কাছে এই জয়টাকে এমন অভাবনীয় মনে হয়েছে।বাংলাদেশ দলের কাছেও কি এমন কিছু মনে হয়েছে? মনে যা-ই থাক, মুখে তো সবাই ‘না’-ই বলছেন। প্রতিক্রিয়াতেও অবশ্য সমর্থন মিলছে। জয়সূচক বাউন্ডারিটা মেরে নাঈমকে আলিঙ্গনে বাঁধলেন মুশফিকুর। কয়েক সেকেন্ড স্থায়ী ওই দৃশ্যটা কেউ মিস করে থাকলে পরের দৃশ্যগুলো দেখে তাঁর পক্ষে বোঝা কঠিন ছিল বাংলাদেশ জিতেছে না হেরেছে! ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন দুই অপরাজিত ব্যাটসম্যান। প্রথা অনুযায়ী বাংলাদেশ দল ড্রেসিংরুমে থেকে নেমে এসে যোগ দিলেন তাঁদের সঙ্গে। দেখতে দেখতে ভাবছিলাম, একসময় বাংলাদেশ বড় কোনো জয় পেলে কী কাণ্ডই না হতো! পরে ফিল্ডিং করে জিতলে মাঠে উল্লাসের বন্যা বয়ে যেত। ডিগবাজি-টিগবাজিও দিতে দেখেছি অনেককে। আর পরে ব্যাটিং করে জিতলে জয়ের সুবাস পেতে শুরু করার পর থেকেই বাউন্ডারি লাইনে ভিড় করে থাকত পুরো দল। জেতার সঙ্গে সঙ্গে মাঠে ভোঁ-দৌড়। ল্যাপ অব অনার তো একরকম নিয়মই হয়ে গিয়েছিল। ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কাকে হারানোর পর হতভম্ব শ্রীলঙ্কানদের সামনে জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা এমনই নর্দন-কুর্তন করেছিল যে কোচ ডেভ হোয়াটমোর রেগে আগুন হয়ে গিয়েছিলেন।খেলোয়াড়দের আর কী দোষ! অনেক দিন পর পর এমন একেকটা জয়ের দেখা পেয়ে আমরা সাংবাদিকেরাও তো নিরুত্তাপ পেশাদারের খোলস ছেড়ে বেরিয়ে এসে পুরোদস্তুর সমর্থক বনে যেতাম। বাংলাদেশের সব বড় জয়েই যে তখন ‘অভাবনীয়’ শব্দটা মিশে থাকত। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তান, ২০০৪ সালে ভারত, ২০০৫-এ অস্ট্রেলিয়া, ২০০৬-এ শ্রীলঙ্কা, পরের বছর বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকা—সবই তো ছিল অভাবিত আনন্দে ভেসে যাওয়ার উপলক্ষ।এমনকি জিম্বাবুয়েও! জিম্বাবুয়ের বিপক্ষে জয় তো এখন আমরা গোনায়ই ধরি না। কিন্তু ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়েকে হারানোটাও ছিল বিশ্বকাপ জয়ের মতো! এর আগে যে টানা ৪৭ ম্যাচ জয়হীন কেটেছে বাংলাদেশের! সেই ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর প্রায় পাঁচ বছর পর ওই জয় এমনই ভাসিয়ে দিয়েছিল যে রাতে হোয়াটমোরকে তাঁর হোটেল রুমে ইন্টারভিউ করার সময়ও আমি কাঁপছি! হোয়াটমোর বড় অবাক হয়েছিলেন। বারবার বলছিলেন, ‘আমরা তো শুধু একটা ম্যাচই জিতেছি!’কার্ডিফে অস্ট্রেলিয়া-বধের পর মাঠে নেমে গিয়ে দলের উল্লাসে সঙ্গী হয়ে গেলাম। যাঁকে পাই, তাঁর মুখের সামনেই টেপরেকর্ডার ধরি। প্রেসবক্সে ফিরে দেখি, টেপরেকর্ডার অনই করা হয়নি!আহা, কী সব দিন ছিল!