অভিজ্ঞতা আর তারুণ্যের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম যে কাউকে ধন্ধে ফেলতে পারে। বিশ্বকাপে জার্মানি-অস্ট্রেলিয়ার ম্যাচের শিরোনাম এমনটাই হওয়ার কথা। তিনবার বিশ্বকাপ জিতেছে জার্মানি, রানার্সআপ হয়েছে চারবার, তিনবার তৃতীয়। আর অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলছেই এই নিয়ে মোটে তিনবার। ফুটবল ঐতিহ্যে তো দুই দলের তুলনাই চলে না। কিন্তু ধন্ধে পড়ার প্রসঙ্গ আসছে, কারণ এখানে যে বোঝানো হয়েছে উল্টোটা!ডারবানের বিশ্বকাপ শুরুর ম্যাচে অভিজ্ঞতায় আজ সত্যিই এগিয়ে অস্ট্রেলিয়া। এই জার্মান দল আর দশটা জার্মান দলের মতো অভিজ্ঞ খেলোয়াড়ে বোঝাই নয়, তারুণ্যই এই দলের শক্তি। অস্ট্রেলিয়ার সবার সম্মিলিত ম্যাচের সংখ্যা যেখানে ৭৪২, জার্মানির সেখানে ৬২৪। ১৯৩৪ সালের পর সবচেয়ে তরুণ দল নিয়ে বিশ্বকাপে গেছে জার্মানি, বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন ফিলিম লাম। ২৩ জনের দলের ১৪ জনেরই বয়স ২৫ বা তার কম। অস্ট্রেলিয়া দলে এ সংখ্যাটা মাত্র তিন!তার মানে আবার ভেবে বসবেন না আজকের ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়া। এতসব পরিসংখ্যানের ঝনঝনানি স্রেফ বদলে যাওয়া জার্মানিকে বোঝানোর জন্য। ফুটবলীয় শক্তিতে এটা কোনো প্রভাব ফেলেনি, আজও জার্মানি পরিষ্কার ফেবারিট, ড্র হলেও তা হবে বড় অঘটন। এই জার্মানির খেলার ধরনটা স্রেফ অন্যরকম, চিরচেনা কাউন্টার অ্যাটাক-নির্ভর ফুটবল খেলার চেয়ে গতিময় ফুটবল খেলতেই এই দল বেশি পছন্দ করে। বিশ্বাস হচ্ছে না? নতুন জার্মান অধিনায়ক লাম কি বলছেন একবার শুনুন, ‘এখন আমরা “ওয়ান টু ওয়ান” অবস্থায় অনেক বেশি দক্ষ, টেকনিক্যালি আরও বেশি শক্ত-সমর্থ এবং বল পায়ে রাখতে পছন্দ করে, টিপিক্যাল জার্মান খেলোয়াড় এই দলে বেশ কম।’মানসিকতার পরিবর্তন এতটাই হয়েছে, ‘বিরক্তিকর’ ফুটবলের ছাপ যাদের সঙ্গে চিরস্থায়ী সেই দলের কোচ জোয়াকিম লো উল্টো অস্ট্রেলিয়ার ফুটবলকে বলছেন ‘বিরক্তিকর!’ ইনজুরিতে মাইকেল বালাককে না পাওয়ার কোনো হাহাকার তো দলে নেই-ই, লো হুঙ্কার দিয়েছেন অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলেখেলা করার, ‘আমাদের স্কিল দিয়ে আমরা প্রতিপক্ষকে রীতিমতো বিব্রত করে ফেলতে চাই। যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’ ফর্ম বাজে হওয়ার পরও ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কাকাউকে টপকে একমাত্র স্ট্রাইকার হিসেবে একাদশে সম্ভবত জায়গা পাচ্ছেন মিরোস্লাভ ক্লোসা, পোডলস্কি খেলবেন বাঁ উইংয়ে।‘লড়াকু দল’ হিসেবে ফুটবল-বিশ্বে পরিচিত পেয়ে যাওয়া অস্ট্রেলিয়া অবশ্য এসব হুঙ্কারে কান দিচ্ছে না। সকারুসদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে ইনজুরি কাটিয়ে দলের তিন তারকা টিম কাহিল, ব্রেট এমারটন ও হ্যারি কেওয়েলের ফেরা। জার্মানদের হুঙ্কারের জবাবে কাহিল বলেছেন, ‘আমরা এসব পাত্তা দিচ্ছি না। আন্ডারডগ হিসেবে মাঠে নামাটাই আমাদের জন্য ভালো, আশা করি, মাঠেই সত্যিটা বুঝিয়ে দিতে পারব।’দেখা যাক, মাঠে কোন সত্যিটা দেখা যায়!জার্মানি-অস্ট্রেলিয়াবাস্তিয়ান শোয়েনস্টাইগারগত বিশ্বকাপ শেষ করেছিলেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুই গোল করে। এবার শুরু করতে চাইবেন সেখান থেকেই। শোয়েনস্টাইগার এখন আরও পরিণত, ২৫ বছর বয়সেই দলের অভিজ্ঞ তারকা। খেলবেন মাইকেল বালাকের পজিশনে, বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানো মিডফিল্ডারের সেরাটা বের করে আনতে পারে এই বাড়তি দায়িত্ব।টিম কাহিলগোল করার ক্ষমতাটা তাঁর মজ্জাগত। খেলেন মিডফিল্ডে, কিন্তু টিম কাহিলের গোলসংখ্যা ঈর্ষান্বিত করবে অনেক ঝানু স্ট্রাইকারকেও। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম গোল স্কোরারও তিনি, সব মিলিয়ে ২০ গোল করেছেন ৪০ ম্যাচে। এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য, কাহিল গোল করেছেন এমন ম্যাচের কেবল একটিতেই হেরেছে অস্ট্রেলিয়া!