অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে বাংলাদেশ
প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, যেকোনো দলই সংবাদ সম্মেলন করে ঘোষণার পক্ষে তিনি। সে অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের দল সংবাদ সম্মেলন করেই ঘোষণা করেছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটা আসরের চূড়ান্ত দলই কি না ঘোষণা হলো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে!
কাল ছিল আইসিসির কাছে বিশ্বকাপের দল পাঠানোর শেষ দিন। শেষ দিনে এসে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ছেলেদের ও মেয়েদের দল ঘোষণা করা হলো রাত পৌনে ৯টায়। তাও কোনো সংবাদ সম্মেলন করে নয়, বিসিবি দল ঘোষণার আনুষ্ঠানিকতা সেরেছে সংবাদ বিজ্ঞপ্তি মারফত। জানা গেছে, বোর্ড সভাপতি নাজমুল হাসান দল অনুমোদন করতে দেরি করাতেই দল ঘোষণার জন্য সংবাদ সম্মেলন করতে পারেননি নির্বাচকেরা। প্রথা অনুযায়ী নির্বাচকদের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে সেটি বোর্ড সভাপতি অনুমোদন করেন। বিসিবি সভাপতি নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল অনুমোদনই করেছেন কাল বিকেলে। সংবাদ সম্মেলনের তাই আর সময় পাওয়া যায়নি।
ছেলেদের দলের অধিনায়ক মুশফিকুর রহিম হলেও দলে কোনো সহ-অধিনায়ক রাখা হয়নি। মেয়েদের দলের অধিনায়ক সালমা খাতুন, সহ-অধিনায়ক জাহানারা আলম। ছেলেদের ১৫ জনের দলে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুন। আঙুলে চোটের কারণে ওই সিরিজে দলের বাইরে থাকা মুশফিকের সঙ্গে ফিরেছেন আবদুর রাজ্জাকও।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক ফারুক আহমেদের উদ্ধৃতি দিয়ে দল নির্বাচনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে। ফারুক বলেছেন, ‘ছেলেদের দলটা অভিজ্ঞতা এবং তারুণের মিশেলে গড়া। এটা একটা বৈশ্বিক আসর। এখানে মুমিনুল হক, সাব্বির রহমানের মতো তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতারও প্রয়োজন আছে বলে মনে করেছি আমরা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে আরাফাত সানি সবার নজর কাড়লেও ভারসাম্য রক্ষার জন্যই তাঁকে বাদ দিতে হয়েছে।’ বাংলাদেশের কন্ডিশনে স্পিনই বোলিংয়ের মূল শক্তি হতে পারে। সাকিব আল হাসান, রাজ্জাক আর সোহাগ গাজী—তিন স্পিনারকেরই দলে রাখা হয়েছে সে কারণেই। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখার পর ফারুকের বিশ্বাস, তাঁদের নির্বাচিত দলটা ফিল্ডিংয়েও হবে অসাধারণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়েদের দল সম্পর্কে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা সম্ভাব্য সেরা দলটাই নির্বাচন করার চেষ্টা করেছি। দলের প্রস্তুতি ভালো। এ ছাড়া মূল আসরে যাওয়ার আগে তারা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আরও ম্যাচ খেলার সুযোগ পাবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল
পুরুষ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক (বিজয়), শামসুর রহমান, সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।
মেয়েদের দল: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম (সহ-অধিনায়ক), রুমানা আহমেদ, ফারজানা হক, আয়েশা রহমান, লতা মণ্ডল, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, শারমীন আক্তার, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কুবরা, সোহেলী আক্তার, শামীমা সুলতানা ও শায়লা শারমীন।