অভিজ্ঞতা নিয়ে ফিরলেন আইমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান যুব গেমসে শুধু হতাশা উপহার দেওয়া অ্যাথলেটদের মধ্যে ব্যতিক্রম ছিলেন আইমান ইবনে জামান। ব্যাডমিন্টনে ইরাকের আল মানদালিকে সরাসরি ২১-১০, ২১-১৫ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিলেন বাংলাদেশ গেমসের সোনাজয়ী শাটলার। কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মসমর্পণ করেন জাপানের কগা এমের কাছে (২১-৮, ২১-৩)। ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়ার অভিজ্ঞতাটা মন্দ নয় আইমানের। কাল দেশে ফেরার পর বললেন, ‘মাত্র দুই মাসের অনুশীলনে এমন বড় আসরে খেলতে যাওয়া ঠিক না। এটা অনেক বড় টুর্নামেন্ট। এখান থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে। নানজিংয়ে খেলার পরই বুঝলাম ওদের খেলায় গতি কেমন। কত নিখুঁত ওরা। এমন খেলতে হলে আমাদের আরও বেশি অনুশীলন করতে হবে। আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে।’নানজিংয়ে প্রথম ম্যাচে দুর্দান্ত খেললেও পরেরটিতে আইমান প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। কারণটাও কাল ব্যাখ্যা করলেন, ‘জাপানের খেলোয়াড়েরা উচ্চতায় একটু খাটো। আমি ভেবেছিলাম খেলতে সমস্যা হবে না। কিন্তু ওদের গতি আর স্ম্যাশের সঙ্গে খেলে মোটেও কুলিয়ে উঠতে পারিনি।’ আগামী ডিসেম্বরে ঢাকায় বসবে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য এখন থেকেই অনুশীলন শুরু করতে চান আইমান, ‘শুনেছি, ডিসেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে। সেটার জন্য এখন থেকেই অনুশীলন প্রয়োজন। এখনই উচিত ফেডারেশনের অনুশীলন ক্যাম্প শুরু করা।’