অভিজ্ঞতাই আস্থা: জামব্রোত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ‘বুড়ো’দের দল বলে রসিকতা করার চেষ্টা করেন অনেকেই। সমালোচকদের ধারণা, বিশ্বকাপে খেলতে এসে শিরোপা অক্ষুণ্ন রাখার চেষ্টা তো দূরের কথা, বয়সের ভারেই দলটি ভেঙে পড়বে। কোচ মার্সেলো লিপ্পির এই ‘বুড়োপ্রীতি’ নিয়ে চায়ের কাপে অনেক ঝড় উঠলেও দলের অভিজ্ঞ রক্ষণসেনা গিয়ানলুকা জামব্রোত্তা ইতালির বর্তমান দলটিকে (স্কোয়াড্রা আজ্জুরা) ‘বয়স্ক খেলোয়াড়দের সোনালি দল’ হিসেবে অভিহিত করেছেন। ইতালির এই বয়স্ক খেলোয়াড়েরাই আর কয়েক দিন পর শুরু হওয়া বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে ইতালিকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।ইতালিকে ‘বুড়োটে’ খেলোয়াড়দের দল বলে যে সমালোচনা হয়, তার জবাবে জামব্রোত্তা বলেছেন, ইতালির বর্তমান দলটিকে যে বুড়ো খেলোয়াড়দের দল বলে উপহাস করা হয়, তা একেবারেই ঠিক নয়। এই দলটি ইতালির বিশ্বচ্যাম্পিয়ন দল, তাদের সেভাবেই দেখা উচিত। তিনি বলেন, মার্সেলো লিপ্পির নির্বাচিত বর্তমান ইতালির বিশ্বকাপ দল বিশ্বকাপ শিরোপা ধরে রাখার জন্য যথেষ্ট অভিজ্ঞ।বিশ্বচ্যাম্পিয়ন ইতালি বিশ্বকাপ সামনে রেখে সেসত্রাইয়ার্সে কন্ডিশনিং ক্যাম্প চালিয়ে যাচ্ছে, অনুশীলনের ফাঁকে একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে জামব্রোত্তা বলেছেন, সাধারণত যেমন হওয়া উচিত, তেমনটাই ইতালির বিশ্বকাপ স্কোয়াড। এই দলটিতে কোচ লিপ্পি অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের খুব চমত্কার একটি মিশ্রণ ঘটিয়েছেন। বিশ্বকাপে অভিজ্ঞতার খুব প্রয়োজন, কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা।নিজের সম্পর্কে জামব্রোত্তার মূল্যায়ন, ‘ব্যক্তিগতভাবে আমি এখনো নিজেকে তরুণ খেলোয়াড় মনে করি। আমি আরও একটি বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটা ঠিক, মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে, কিন্তু দেশকে আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি রয়ে গেছে। ইতালির বর্তমান দলে ত্রিশোর্ধ্ব যেসব খেলোয়াড় রয়েছেন, তাঁরাও ঠিক একই রকমভাবে চিন্তা করছেন।সেসত্রাইয়ার্সে কন্ডিশনিং ক্যাম্প শেষে ইতালি আগামী ৩ জুন ব্রাসেলসে মেক্সিকোর বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে। ৫ জুন জেনেভোতে আরও একটি ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ‘আজ্জুরি’রা। দলটি ৯ জুন বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা পৌঁছবে এবং ১৫ জুন বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে। প্যারাগুয়ে ছাড়াও এই গ্রুপে ইতালির অন্য প্রতিদ্বন্দ্বিরা হলো নিউজিল্যান্ড ও স্লোভাকিয়া।৩৩ বছর বয়সী জুভেন্টাসের এই রক্ষণসেনা মনে করেন, ‘দক্ষিণ আফ্রিকাতে আমরা শিরোপা জিততেই যাব। এই দল নিয়ে আরও একবার শিরোপা জেতাটা অলৌকিক কোনো ব্যাপার হবে না। আরও একবার বিশ্বকাপ জিততে পারলে তা হবে দারুণ একটি অর্জন। ২০০৬ সালে কেউ আমাদের গণনার মধ্যে ধরেনি। এর পরও আমরা জিতেছিলাম। এবার আমরা বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আফ্রিকাতে যাব। সেই অনুভূতিটিই অন্য রকম।’