অভিজ্ঞতাই ভরসা পাইবাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞ কোচ চাই, চাই ‘হাই প্রোফাইল কোচ’। স্টুয়ার্ট ল-র উত্তরসূরির সন্ধানে নেমে এই একটা রেকর্ডই বেজে যাচ্ছিল বিসিবি-কর্তাদের কণ্ঠে। প্রত্যাশা মোটামুটি পূরণ হয়েছে। ‘হাই প্রোফাইল’ বলাটা হয়তো খানিকটা বাড়াবাড়ি, তবে সন্দেহ নেই রিচার্ড পাইবাস অভিজ্ঞ কোচ। পাইবাস নিজেও দায়িত্বটা নিতে রাজি হয়েছেন নিজের অভিজ্ঞতার ওপর ভরসা করে। বাংলাদেশের নতুন কোচের ধারণা, কোচিং ক্যারিয়ারে বৈচিত্র্যময় সব অভিজ্ঞতাই তাঁকে নতুন চ্যালেঞ্জে জয়ী হতে সহায়তা করবে।কোচ হিসেবে ৪৭ বছর বয়সটা এমন কিছু নয়। কিন্তু মধ্য বিশেই কোচিং ক্যারিয়ার শুরু বলে অভিজ্ঞতা দুই দশকের বেশি। পাকিস্তান জাতীয় দলের কোচ ছিলেন তিন দফায়। কোচিং করিয়েছেন ইংলিশ কাউন্টি দলকে। দক্ষিণ আফ্রিকায় কোচিং করিয়েছেন তিনটি দলকে। দুটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে জিতেছেন আটটি ট্রফি, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে সম্ভবত সফলতম কোচ তিনিই। পাইবাসের কেপটাউনের বাড়িতে এখন চলছে গোছগাছ। নতুন কর্মক্ষেত্রে চলে আসার প্রস্তুতি। পরিবার অবশ্য এখনই আসছে না, পরে আসার সম্ভাবনা আছে। কেপটাউন থেকেই ক্রিকইনফো ওয়েবসাইটকে জানালেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ায় তাঁর সবচেয়ে বড় পুঁজি দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা, ‘আফ্রিকায় কাজ করলে অনেক অভিজ্ঞতা হয়। চারপাশে ঘিরে আছে বৈচিত্র্যময় ও বিভিন্ন সংস্কৃতির সব লোকজন। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কাজ করাও অনেক সাহায্য করে। জয়ের পথটা চেনা যায়, শেখা যায় কীভাবে জয়ী হয় একটা দল এবং জয়ের মানসিকতা গড়ে তুলতে হয়। আমি এমন দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছি, যাদের অনেক আন্তর্জাতিক ক্রিকেটার ছিল এবং ওখানে ভালোও করেছি। পাকিস্তানে আমি ভিন্ন সংস্কৃতিটা খুব ভালো বুঝেছি, কারণ এটা না বুঝলে বিব্রতকর কিছু হয়ে যেতে যারে।’র‌্যাঙ্কিংয়ের তলানিতে পড়ে থাকা একটা দেশ, বাস্তব ব্যবধান অনেক সময় র‌্যাঙ্কিংয়ের চেয়েও বেশি। বাংলাদেশকে কোচিং করানোর কাজটা এক দিক থেকে খুব আকর্ষণীয় কিছু নয়। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এটাই! পাইবাসকে কিন্তু এই চ্যালেঞ্জের রোমাঞ্চটাই টানছে। বরং চ্যালেঞ্জের পরিধিটা বাড়িয়ে নিয়েছেন নিজেই। স্রেফ খানিকটা উন্নতি করাই নয়, বাংলাদেশকে পরিণত করতে চান জয়ী একটা দলে, ‘বাংলাদেশ যেহেতু তরুণ দল, উন্নতি করাটাই মনে হতে পারে সবকিছু। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। আমি এমন একটি পদ্ধতিতে কাজ করব, যেটার ভিত্তি হবে উৎকর্ষ সাধন। আমি ক্রিকেট খেলতে চাই জয়ের জন্য।’‘জয়ী দল’ হয়ে ওঠার পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাও জানা আছে পাইবাসের। টেকনিক্যাল ব্যাপারগুলোর চেয়ে তাই বেশি জোর দিতে চান মানসিক প্রতিবন্ধকতা দূর করার দিকে, ‘বাংলাদেশ মাত্রই আত্মবিশ্বাস খুঁজে পেতে শুরু করেছে, এশিয়া কাপে যেটা দেখা গেছে। একটা দল জিততে শুরু করলেই মানসিক বাধাটা দূর হয়ে যায় এবং জয়টাকে সব সময়ই মনে হয় ধরাছোঁয়ার মধ্যে। বাংলাদেশ এমন সব কোচ পেয়েছে, যাঁরা ওদের পায়ের নিচে জমি খুঁজে পেতে সাহায্য করেছেন। আমাকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’বাংলাদেশের কোচ হিসেবে প্রথম করণীয়টাও ঠিক করে ফেলেছেন তিনি, ‘প্রথম কাজ হবে দলে জায়গা নিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার পদক্ষেপ নেওয়া, ক্রিকেটারদের মধ্যে এমন একটা ধারণা সঞ্চারিত করা যে নিয়মিত পারফর্ম করলে (ঘরোয়া ক্রিকেটে) ও জাতীয় দলে জায়গা পাওয়ার মতো যথেষ্ট চাপ সৃষ্টি করলে তাদের জন্য সুযোগ থাকবে।’বাংলাদেশের ক্রিকেটপ্রেম ও অবকাঠামো নিয়ে মুগ্ধ পাইবাস। দুই দিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসে যা বলেছিলেন, সেটা বললেন আরেকবার, ‘বিশ্বমানের সব সুযোগ-সুবিধা আছে ওখানে, আছে দারুণ একটা ইনডোর সেন্টার। তবে এর চেয়েও ক্রিকেটের প্রতি ওদের অবিশ্বাস্য আবেগ ও ভালোবাসা।’বাংলাদেশিদের ক্রিকেটপ্রেম দেখে পাইবাস মুগ্ধ, এবার কোচিং দিয়ে মুগ্ধতা ফিরিয়ে দেওয়ার পালা। পারবেন পাইবাস? তার চেয়েও বড় প্রশ্ন, থাকবেন তো পাইবাস! ওয়েবসাইট।