
অভিনন্দন বাংলাদেশ দলকে। শুধু প্রত্যাশা অনুযায়ীই নয়, আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়েই বিশ্বকাপটা শুরু করল তারা। শক্তির পাল্লায় আফগানিস্তান দল বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও এটা অস্বীকার করার উপায় নেই যে, এই ম্যাচটা নিয়ে আমাদের সবার মধ্যেই কমবেশি সংশয় ছিল, টেনশন ছিল। ব্যাটসম্যানদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবই সেই সংশয়ের কারণ। ১০৫ রানের জয় সব সংশয়-টেনশন দূর করে দিল।
বাংলাদেশের কথা বলার আগে হামিদ হাসান আর শাপুর জাদরানের কথা একটু বলে নেই। আফগানিস্তানের এই দুই পেসারের বলই আমার দৃষ্টি কেড়েছে। ভালো লেগেছে মিরওয়াইস আশরাফের বলও। গ্যাভিন লারসেনের কথা মনে করিয়ে দিয়েছে সে।
তবে আমাদের ব্যাটসম্যানদের অভিনন্দন যে আফগানদের এত ভালো বোলিংয়ের সামনেও তারা মাথা উঁচু করে ছিল। দুই ওপেনার তামিম ইকবাল আর এনামুল হককে আলাদা করে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে, শুরুতেই উইকেট হারিয়ে তারা ড্রেসিংরুমের টেনশনটা বাড়ায়নি। রান হয়তো ওই সময় একটু কম এসেছে, কিন্তু যদি শুরুতেই উইকেট পড়ত, সে চাপ সামলানো কঠিন হতে পারত বাংলাদেশ দলের।
অভিজ্ঞতার যে কোনো বিকল্প নেই, সেটা আরও একবার প্রমাণ করেছে সাকিব-মুশফিকের ব্যাটিং। তবে তাদের দুজনের কাছেই আরও ভালো ফিনিশিং আশা করেছিলাম। তারা যে সময়ে আউট হলো...বড় দলের বিপক্ষে হলে সেটা বিপদের কারণ হতে পারত। ওই জুটিটারই ইনিংস শেষ করে আসা উচিত ছিল। তা ছাড়া আগেও বলেছি, আমাদের লোয়ার মিডল অর্ডার সুসংহত নয়। মিডল অর্ডারকেই যত দূর সম্ভব টেনে নিয়ে যেতে হবে। শেষের দিকের ব্যাটসম্যানদের কাছে খুব বেশি কিছু আশা না করাই ভালো। আর একটা ব্যাপার—আমাদের রানিং বিটুইন দ্য উইকেটের সমস্যাটা প্রকটভাবে ধরা পড়েছে এই ম্যাচে। এই জায়গায় ব্যাটসম্যানদের মধ্যে আরেকটু বোঝাপড়া জরুরি। তবে ব্যাটিং পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের প্রশংসা না করে পারছি না। নিকট অতীতে কবে বাংলাদেশ দলের ব্যাটিং পাওয়ার প্লে এত ভালো হয়েছে মনে পড়ে না।
তাসকিনের বোলিং খুবই ভালো লেগেছে। আফগান ব্যাটসম্যানদের সমীহ আদায়ের পাশাপাশি ধারাভাষ্যকারদেরও প্রশংসা কুড়িয়েছে সে। আমার তো মনে হয় সাকিবের পর এই প্রথম বাংলাদেশ আরেক তরুণকে পেল, ভবিষ্যতে যার মতো বোলার হওয়ার স্বপ্ন দেখবে অনেকেই। এত কম বয়সী একটা ছেলে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে কী দারুণ মানিয়ে নিল! আমাদের ঘরোয়া ক্রিকেটে পেসাররা যতই অবহেলিত হোক না কেন, তাসকিন প্রমাণ করল, ভালো উইকেট পেলে বাংলাদেশের পেসাররাও কিছু করে দেখাতে পারে।
জয়ের আনন্দের মধ্যেও একটা কথা না বলে পারছি না। আমি এখনো বলব আট ব্যাটসম্যান নিয়ে খেলাটা অপ্রয়োজনীয় ছিল। এটা কোনো কাজেই আসেনি। তার চেয়ে এই উইকেটে একজন বিশেষজ্ঞ স্পিনার খেলানো যেত। আর দলে আটজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান রাখাই বলে দিচ্ছে এই ম্যাচের আগে ব্যাটসম্যানদের ওপর কোচ বা টিম ম্যানেজমেন্টের তেমন আস্থা ছিল না। আশা করব কালকের ম্যাচের পর তাদের আস্থা ফিরবে। অতিরিক্ত ব্যাটসম্যান না খেলিয়ে বোলিং আক্রমণটা আরও সুসংহত করার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট।