অভিনন্দন
রাষ্ট্রপতি প্রতিভা পাতিল থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিং—সবার মুখে একজনেরই স্তুতির বান। শচীন টেন্ডুলকার! পরশুই টেন্ডুলকারের ওই অতিমানবীয় কীর্তির কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যমে পৌঁছে গেছে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দনবার্তা—‘প্রধানমন্ত্রী টেন্ডুলকারকে ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন। টেন্ডুলকার সবার জন্য উদাহরণ তৈরি করেছেন। ভারতীয়রা তাঁর এই অর্জনে গর্বিত।’ কাল ভারতীয় লোকসভার আলোচ্যসূচিতেও উঠে এলেন তিনি। স্পিকার মীরা কুমার বলেন, ‘তাঁর এই অনন্য অর্জন আমাদের জাতীয় গৌরব। উঠতি ক্রিকেটারদের জন্য অনন্ত প্রেরণার উত্স।’ অমর এই ইনিংস খেলে শুধু নিজেকেই নয়, টেন্ডুলকার ইতিহাসের পাতায় ঠাঁই করে দিলেন মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রকেও। কৃতজ্ঞতায় শহরটিও কিছু প্রতিদান দিতে চায়। ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়ামের একটি প্যাভিলিয়ন টেন্ডুলকারের নামে নামকরণ করা হচ্ছে। গোয়ালিয়রের একটি রাস্তার নামও টেন্ডুলকারের নামে করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।অমন কীর্তির পর টেন্ডুলকারের খেলা দেখার জন্য নিশ্চয়ই উন্মুখ হয়ে ছিল আহমেদাবাদের দর্শকেরা। সিরিজের শেষ ম্যাচটা কাল এখানেই হবে। তবে এ ম্যাচে খেলবেন না টেন্ডুলকার। বিশ্রাম দেওয়া হয়েছে বীরেন্দর শেবাগকেও। ওয়েবসাইট।