অভিনন্দনের বৃষ্টিতে সিক্ত মাশরাফির দল
অভিনন্দনের তুমুল বৃষ্টিতে সিক্ত হলো বাংলাদেশ ক্রিকেট দল। রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার ভারতকে ছয় উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। আর তারপর চার দিক থেকে শুরু হয় অভিনন্দনের পালা।
টাইগারদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজার ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উষ্ণ ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা পরবর্তী খেলাগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অভিনন্দন বার্তায় তিন ম্যাচের সিরিজের দুটিতেই শক্তিশালী ভারতকে পরাজিত করায় দল ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট বিশ্বের দরবারে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টার কারণেই এ বিজয় সম্ভব হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়েরা ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এ জয়ে দেশের ১৬ কোটি মানুষের মতো তিনিও আনন্দিত।
এ ছাড়াও টাইগারদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চিফ হুইপ আ স ম ফিরোজ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।