অভিনব ও অগণতান্ত্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান অনেক চেষ্টা করেও পারলেন না। রেলিগেশন লিগে ব্যর্থ হয়ে তাঁর দল নেমে গেছে প্রথম বিভাগ ক্রিকেটে। না, বাস্তবে এ রকম কিছু এখনো ঘটেনি। তবে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া ছুটিটা বাতিল করে সাকিব প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় ফিরলে ঘটতেও পারে। বিসিবির অদ্ভুত নীতির কারণে সাকিবের মতো খেলোয়াড়দের মূল্যও যেহেতু এবার সব ক্লাবের ক্রয়ক্ষমতার মধ্যে এবং খেলোয়াড়দেরও যেহেতু ক্লাব বাছাইয়ের স্বাধীনতা নেই, বিশ্বসেরা খেলোয়াড়ের ভাগ্যে নিচের সারির দুর্বল দল জুটতেই পারে!আইপিএল-বিপিএল ক্রিকেট প্রশাসকদের মগজ এমনই ধোলাই করে দিয়েছে, সবকিছুই তাঁরা এখন অন্য চোখে দেখেন। নিলাম-লটারি ছাড়া কিছুই বোঝেন না। নইলে বছরের পর বছর চলে আসা ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল প্রথা বাদ দিয়ে লটারিতে খেলোয়াড় বাছাইয়ের অভিনব ও অগণতান্ত্রিক চিন্তা কারও মাথায় আসবে কেন?কয়েক বছর ধরেই অনেক ক্লাব অভিযোগ করে আসছে, খেলোয়াড়েরা যোগ্যতার তুলনায় বেশি দাম হাঁকান। দলবদল বাদ দিয়ে পারিশ্রমিকের লাগাম টানার চিন্তা সে কারণেই। ঢাকার ক্রিকেটে ক্লাব ও ক্রিকেট বোর্ড যেহেতু একই সুতোয় বাঁধা, ক্রিকেটারদের স্বার্থ পদদলিত করে বিসিবি ছাতা ধরে ক্লাবগুলোর মাথাতেই। এখন আর ইচ্ছে করলেই সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিরা অগ্নিমূল্য হাঁকাতে পারবেন না। বিসিবির নির্ধারিত মূল্য তালিকা তাঁদের মতো খেলোয়াড়কেও এনে দিচ্ছে ‘দরিদ্র’ ক্লাব কর্মকর্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে। ক্লাবগুলো পানির দামে মাংস খেতে চায়। বিসিবির ‘উদারনীতি’ সেই বন্দোবস্ত করতে গিয়ে কেড়ে নিচ্ছে খেলোয়াড়দের দল বাছাইয়ের মৌলিক অধিকারও।হাস্যকর এই কাজটা করার পেছনে বিসিবির যুক্তি, এটা প্রিমিয়ার ক্রিকেট লিগকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে। দু-একটি ক্লাব বেশি টাকা দিয়ে সব ভালো খেলোয়াড় নিয়ে নিতে পারবে না, ভালো খেলোয়াড়দের দাম থাকবে সব ক্লাবের সামর্থ্যের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতা না বলে এটাকে কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতা বলা ভালো। যার যেটার সামর্থ্য নেই তাঁকে সেই সামর্থ্যের মধ্যে আনা এবং যার বড় কিছু করার সামর্থ্য আছে, তাঁর লাগাম টেনে ধরাকে আর কীই-বা বলা যায়? এটাও বোর্ড করছে ক্লাবগুলোকে বাড়তি ভর্তুকি দিয়ে। গতবার যেখানে প্রিমিয়ার লিগের প্রতিটি ক্লাবকে বিসিবি ৩৫ লাখ টাকা করে অনুদান দিয়েছে, এবার নাকি সেটা ৫০ লাখ করে দেওয়ার চিন্তা!বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুর জন্যই অর্থসংকট দেখা দিলেও ক্লাবগুলোকে অকারণে কোটি কোটি টাকা দিতে গায়ে লাগে না বোর্ডের। অথচ বিশ্ব ক্রীড়াঙ্গনের ইতিহাসেই কোনো ক্লাবের বোর্ড বা ফেডারেশনের কাছ থেকে অর্থ পাওয়ার ঘটনা বিরল। বিসিবি টাকা দিলে দেবে জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্রিকেট উন্নয়নে, কোনো বেসরকারি ক্লাবকে কেন? তা ছাড়া বিসিবির কাছ থেকে প্রতিবছর অনুদান নিয়েও তো কোনো ক্লাব আজ পর্যন্ত পারেনি ক্রিকেটারদের ভালো অনুশীলন-সুবিধা দিতে!একই সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিকে নিয়ন্ত্রণ এনে এবং বাড়তি অনুদানের ব্যবস্থা করে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে ‘ডাবল বোনাস’ কেন দিচ্ছে ক্রিকেট বোর্ড? নিন্দুকেরা এর মধ্যে বিসিবির আসন্ন নির্বাচনী আঁতাতের গন্ধ পাচ্ছেন। ক্রিকেটকে ক্লাব রাজনীতির ঘুঁটি বানানো পুরোনো রীতি। তবে বর্তমান অস্থায়ী কমিটির সময়ই সেটা বেশি হচ্ছে বলে মনে হচ্ছে। এক মোহাম্মদ ইউসুফকে নিয়ে তিন ক্লাবের ‘মর্যাদার লড়াই’ তো গতবার প্রায় ভন্ডুলই করে দিচ্ছিল প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবারও ক্লাবের চোখ রাঙানির সামনে অসহায় ক্রিকেট বোর্ড, কিংবা তারা অসহায় হওয়ার ভণিতা করছে। বাংলাদেশে ক্লাব কর্মকর্তারাই ক্রিকেট বোর্ড কর্মকর্তা। ক্রিকেট বোর্ড কর্মকর্তারাই আবার ক্লাব কর্মকর্তা। কার ধমকে কে ডরায়, বোঝা ভার।তবে একটা ব্যাপার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে রাজনীতিরই মঞ্চ। ক্রিকেট ও ক্রিকেটার সেই রাজনীতির অনুষঙ্গ মাত্র।