অভিনব প্রতিবাদ
কর্নার নিতে গেলেন দানি আলভেজ। দর্শকদের মধ্য থেকে কেউ একজন কলা ছুড়ে মারলেন তাঁকে লক্ষ্য করে। কলাটি এসে পড়ল তাঁর সামনে। ফুটবলপ্রেমী মাত্রই জানেন কোনো খেলোয়াড়কে কলা ছুড়ে মারার অর্থ কী! আর আলভেজ তো ১১ বছর ধরেই এই ‘বর্ণবাদ’ উত্পাত সহ্য করে আসছেন। চাইলে তাই বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেন। গালিগালাজ করতে পারতেন।
কিন্তু বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার সে পথে না হেঁটে জবাবটা দিলেন ঠান্ডা মাথায়, অন্যভাবে! কলাটা হাতে নিয়ে ছিলে অর্ধেকটা খেয়ে ফেললেন, অর্ধেকটা ফেলে দিলেন মাঠের বাইরে। ম্যাচ শেষে বললেন, ‘আমি ১১ বছর ধরে স্পেনে আছি। এই ১১ বছর ধরেই এমনটা হচ্ছে। এসব পশ্চাত্পদ মানুষকে আপনি উপহাসই করতে পারেন।’
পরশু ভিয়ারিয়াল-বার্সেলোনার ম্যাচের এই ঘটনা নিয়ে বার্সেলোনার সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার আলভেজের প্রতিক্রিয়ার প্রশংসা করে টুইট করেছেন, ‘আলভেজের প্রতিক্রিয়াটা ছিল অসাধারণ। বর্ণবাদী আচরণ সম্পূর্ণ ঘৃণিত।’ আলভেজের স্বদেশি নেইমার তো বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণাতেই নেমে পড়েছেন। টুইটারের ‘উই আর অল মাঙ্কিস’ হ্যাশট্যাগে আলভেজের ক্লাব-জাতীয় দল সতীর্থ লিখেছেন, ‘আমরা সবাই সমান। আমরা সবাই বাঁদর। বর্ণবাদকে “না” করো।’ স্প্যানিশ গণমাধ্যমসহ বিশ্বজুড়ে অনেকেই ‘বিস্ময়কর’ প্রতিবাদের জন্য প্রশংসা করেছেন আলভেজের। ওয়েবসাইট।