অভিভাবকশূন্য টেবিল টেনিস
বাংলাদেশ গেমসের প্রস্তুতি নিয়ে বেশ বিপাকে টেবিল টেনিস ফেডারেশন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলে বিরক্ত হয়ে গত ৩১ মার্চ সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন সৈয়দ কামরুল হুদা। কিন্তু তাঁর পদত্যাগপত্র গৃহীত হবে, নাকি তাঁকেই আবারও স্বপদে থেকে যাওয়ার অনুরোধ জানানো হবে, সেটা এখনো ঠিক হয়নি।অথচ গেমসের জন্য বরাদ্দ করা বাজেটের প্রথম কিস্তির ১ লাখ ৭০ হাজার টাকা ফেডারেশন তহবিলে জমা পড়েছে। অভিভাবকশূন্য হয়ে পড়ায় এই টাকা খরচও করতে পারছেন না কর্মকর্তারা। শুধু তা-ই নয়, খেলোয়াড়দের প্রস্তুতি, আবাসনব্যবস্থা, ফেডারেশন ও টুর্নামেন্টের জন্য বিভিন্ন উপকমিটি তৈরি এবং অন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারছেন না কেউ। উদ্বোধনী অনুষ্ঠানে কে আসবেন, কোন অতিথিকে দিয়ে পুরস্কার দেওয়া হবে, খেলোয়াড়দের জন্য পুরস্কারের বাইরে আলাদা পোশাক ও সরঞ্জাম দেওয়া হবে কি না, সেসব নিয়ে ভাবারও কেউ নেই। গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কেউ ফেডারেশনের বারান্দা দিয়েই হাঁটছেন না। হাতেগোনা কয়েকজন সদস্যই শুধু গেমস নিয়ে দুশ্চিন্তা করছেন। তাঁদেরই একজন ডেভেলপমেন্ট কমিটির সদস্য এনায়েত হোসেন (মারুফ) বললেন, ‘এখন ফেডারেশনে যা চলছে তা কোনো প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হতে পারে না। এসব একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো নষ্ট করে দেয়।’সভাপতি আবদুল করিম মনে করেন সাময়িক এই সমস্যা ফেডারেশন কাটিয়ে উঠবে, ‘ফেডারেশনের বর্তমান পরিস্থিতি নিয়ে এক কর্মকর্তাকে জরুরি সভা ডাকতে বলেছি। কিন্তু হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে সময় দিতে পারছেন না অনেকেই। ঘটনা যা-ই ঘটুক না কেন, আমি সাধারণ সম্পাদককে স্বপদে থাকতে অনুরোধ করব। আশা করি, খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।’ তবে পদত্যাগী সাধারণ সম্পাদক কামরুল হুদা এখনো নিজের অবস্থানেই অনড়, ‘এমন পরিস্থিতিতে আমার সেখানে আবারও যোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তবে যেহেতু সামনে বাংলাদেশ গেমস, তাই গেমস পর্যন্ত ফেডারেশনকে যা সহযোগিতা করার সেটি করব।’ জাতীয় দলের খেলোয়াড় মোস্তফা বিল্লাহ পুরো বিষয়টিকে বলেছেন দুঃখজনক, ‘এভাবে কর্মকর্তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে সেটা খুবই দুঃখজনক। এতে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনিতেই টিটিতে কোনো ভবিষ্যৎ নেই। এর ওপর অনেক কর্মকর্তাই সেভাবে আন্তরিক নন নিজেদের কাজে। সময় দিতে চান না অনেকেই। বড় একটা গেমসের আগে সবাই মিলে যদি কাজ করতেন তাহলে আমাদের টিটি আরও অনেক দূর এগিয়ে যেত।’