অভিমানী কিংবা অপমানিত বালাক
কদিন আগে খুব সম্মানিত বোধ করেছেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো। ব্রাজিল ফুটবল কনফেডারেশন যে ‘দ্য ফেনোমেনন’কে বিদায়ী ম্যাচ খেলার সম্মান দেখিয়েছে। মাইকেল বালাকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে তাঁকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন কোচ জোয়াকিম লো। কিন্তু রোনালদোর মতো জার্মানির সাবেক অধিনায়ক বালাক এটিকে মোটেই সম্মানের চোখে দেখতে পারছেন না।আগস্ট মাসে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ওই ম্যাচটাকে বালাকের বিদায়ী ম্যাচের সম্মান দিতে চান লো। কিন্তু বালাক মনে করছেন এটা প্রহসন!‘মাইকেল বালাক আর জার্মানি জাতীয় দলে থাকবে না’—গত বৃহস্পতিবার লোর এই বক্তব্যই বালাকের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। জার্মানির ফুটবল ইতিহাসের একটা উজ্জ্বল পাতায় ঠাঁই পাওয়ার যোগ্য বালাকের ক্যারিয়ার কেন এখানেই থেমে যাচ্ছে, তার একটা ব্যাখ্যাও দিয়েছেন জার্মান কোচ, ‘দলে অনেক তরুণ খেলোয়াড় উঠে এসেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য নতুন প্রস্তুতি শুরুর আগে তাই বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার।’লোয়ের এই সিদ্ধান্ত আর ব্যাখ্যা বালাক বুঝবেন বলে মনে করেছিলেন লো। কিন্তু বিষয়টি তাঁর পছন্দ হয়নি। জার্মানির কোচের ইউরো পরিকল্পনায় তাঁর না থাকা মেনে নিতে পারছেন না বালাক। মেনে নিতে পারছেন না এই ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ারে যতি পড়ে যাওয়ার ব্যাপারটিও।পুরো বিষয়টিকে তাঁর প্রতি লোয়ের ধারাবাহিক অবহেলা দেখানোর শেষ অধ্যায় মনে করছেন। ‘তারা সব সময়ই আমার সঙ্গে ছলচাতুরী করেছে। সত্যি বলতে কি, তারা আমার সঙ্গে যেভাবে কথা বলত, আমার অধিনায়কত্ব নিয়ে যা করেছে, সবকিছুই ছিল প্রতারণা’—বলেছেন তিনি। বালাকের কথায় একটা করুণ সুর যেন ধরা পড়ছে। জার্মানির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারের ক্যারিয়ারটা করুণই। ২০০২ বিশ্বকাপে জার্মানি দল যে ফাইনালে গেল, তাতে বালাকের অবদান অনেক। কিন্তু সেমিফাইনালে দেখলেন হলুদ কার্ড, দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে খেলতে পারলেন না ফাইনালে। অসহায়ভাবে চোখের সামনে দলকে হারতে দেখলেন ব্রাজিলের কাছে। ওই সেমিফাইনালেই জার্মান অধিনায়কের ২০০৬ বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন গেছে ইতালির কাছে। আশায় বুক বেঁধেছিলেন ২০১০ বিশ্বকাপে। কিন্তু আততায়ী এক চোট বালাকের আশা কেড়ে নেয় বিশ্বকাপ শুরুর আগেই। চেলসির হয়ে এফএ কাপ ফাইনাল খেলার সময় পোর্টসমাউথের কেভিন প্রিন্স বোয়াটেংয়ের চ্যালেঞ্জে চোট পান বালাক। বিশ্বকাপ তো গেছেই, এরপর আর জার্মানি দলেই খেলা হয়নি বালাকের। জার্মানির হয়ে ৯৮ ম্যাচ খেলা বালাকের শেষ ম্যাচ হয়ে থাকল গত বছরের মার্চে আর্জেন্টিনার সঙ্গে ১-০ গোলে হারা প্রীতি ম্যাচটি। তবু আশায় ছিলেন—বয়স এখনো ঢলে পড়েনি, হয়তো ফিরবেন দলে। বালাকের সেই আশাটাই শেষ করে দিয়েছেন লো। আর ‘বিদায়ী ম্যাচ’কে প্রহসন বলছেন কেন? শুনুন বালাকের কণ্ঠেই, ‘অনেক আগে ঠিকঠাক হয়ে যাওয়া একটি প্রীতি ম্যাচকে বিদায়ী ম্যাচ বলাটা তো প্রহসনই।’ এ ম্যাচে কেন বিদায় নেবেন? রয়টার্স, ওয়েবসাইট।